গুণী অভিনেতা আহমেদ রুবেল পরপারে পাড়ি জমিয়েছেন গতকাল বুধবার। অভিনয়ের সুবাদেই নিয়মিত রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যাতায়াত ছিল এ অভিনেতার। তবে আজ তার শিল্পকলায় যাওয়াটা ছিল ভিন্নরকম।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা থিয়েটারের উদ্যোগে সব মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আহমেদ রুবেলের মরদেহ আনা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এরপর একে একে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন অনুরাগী ও সহশিল্পীরা।

ঢাকা থিয়েটারের পক্ষে শুভেচ্ছা জানাতে এসে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ১৯৮৭ সালে রুবেল ঢাকা থিয়েটারে যোগ দেন। এরপর থেকে তিনি আমাদের সক্রিয় সদস্য। আজকের এই শ্রদ্ধা নিবেদন শুধু ঢাকা থিয়েটারের নয়, বরং তাকে বিদায় জানাচ্ছে দেশের সকল থিয়েটারকর্মী।

ঢাকা থিয়েটার ছাড়াও আহমেদ রুবেলকে শ্রদ্ধা নিবেদন করতে আসে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি, গ্রাম বাংলা থিয়েটার, অভিনয় শিল্পী সংঘ, সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস।

আজ দুপুরে অভিনেতা আহমেদ রুবেলকে শেষ শ্রদ্ধা জানাবে চ্যানেল আই। তেজগাঁওয়ে অবস্থিত টেলিভিশনটির কার্যালয়ে হবে তার নামাজে জানাজা।

এরপর আহমেদ রুবেলের মরদেহ নিয়ে যাওয়া হবে গাজীপুরে। সেখানে উত্তর ছায়াবীথি, জোড় পুকুরে আসর নামাজের পর অভিনেতার দাফন হবে। তার দাফনকাজ নিয়ে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ।

গতকাল সন্ধ্যায় নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ ছবির উদ্বোধনী শো’তে উপস্থিত থাকার কথা ছিল আহমেদ রুবেলের। শো’তে যোগ দিতে বসুন্ধরা শপিং মলের বেজমেন্টে গাড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রুবেল। পরে একটি বেসরকারি হাসপাতালে নিলে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।