এঈদে একসঙ্গে মুক্তি পেয়েছে আট সিনেমা। যার মধ্যে শবনম বুবলী অভিনীত দুটি সিনেমা মুক্তি পায়। একটি তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ও অন্যটি সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’। হল মালিক ও মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী দুটি সিনেমাই দর্শক টানছে। সিনেমা দুটির জন্য দর্শক মহলেও প্রশংসা পাচ্ছেন বুবলী।
সিনেমা দুটির সাফল্য ও দর্শকের ভালোবাসা প্রসঙ্গে বুবলী বলেন, ‘এ আমার পরম সৌভাগ্য যে শুরুতেই আমি দর্শকের ভালোবাসা পেয়ে এসেছি। দর্শক আমার সিনেমার অভিষেকের শুরুতে যেভাবে গ্রহণ করেছিলেন, পরবর্তী সিনেমাগুলোয়ও দর্শক আমার পাশে ছিলেন। একজন নায়িকা হিসেবে এই যে দর্শকের এত ভালোবাসা, তার মূল্যায়ন করি আমি। কারণ দর্শকের কারণেই আমি আজকের বুবলী।’ ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় বুবলী অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। এর আগে একাধিক সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন জনপ্রিয় এ জুটি। শাকিব খান প্রসঙ্গে বুবলী বলেন, ‘যে মানুষটির প্রতি আমি সবসময়ই কৃতজ্ঞ, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় শাকিব খান। তার কারণে আমার সিনেমায় আসা। তার সহযোগিতায় আমি এতদূর আসতে পেরেছি। আমার নিজের অনেক চেষ্টা ছিল, সবার সহযোগিতা ছিল। যে কারণে আজকের এ অবস্থানে আমি। আগামী দিনে আরো ভালো গল্পের সিনেমায় কাজ করতে চাই। আশা করছি সবাই পাশে থাকবেন।’
লোকালে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। মুক্তির তৃতীয় সপ্তাহেও সিনেমাটি দর্শক টানছে। চলতি সপ্তাহে ১৭টি হলে চলছে এটি। এর আগে গত বছর সৈকত নাসির পরিচালিত তালাশ সিনেমায় প্রথমবারের মতো চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী।
২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে বুবলীর। এরপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ওটিটি মাধ্যমেও অভিনয় করে সাড়া পেয়েছেন এ অভিনেত্রী। দেশের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। এতে মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। গত বছরই সিনেমাটির শুটিং শেষ হয়েছে। চলতি বছর প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে এ সিনেমার। এরই মধ্যে প্রহেলিকার প্রচারণার অংশ হিসেবে প্রকাশ হয়েছে প্রহেলিকার গান ‘মেঘের নৌকা’।










