বাফটার সদস্যপদ ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা ফিল ডেভিস। বাফটা পুরস্কার প্রদানের পর সপ্তাহ না ঘুরতেই এ ঘটনা ঘটল। গত রোববার অনুষ্ঠিত হয় চলচ্চিত্র জগতের মর্যাদাপূর্ণ আসর বাফটা অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এবারের আসরের কিছু বিষয় নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। সেসবের প্রতিবাদেই এমন সিদ্ধান্ত ডেভিসের।

কয়েকটি বিষয় নিয়ে অভিযোগ করেছেন ফিল ডেভিস। অ্যাওয়ার্ড শোর সঙ্গে দর্শকদের আরো ভালোভাবে সম্পৃক্ত করতে বাফটা একটি সাক্ষাৎকার সেশনের আয়োজন করেছিল। এর সঞ্চালক ছিলেন অ্যালিসন হ্যামন্ড। সেখানে তারকাদের সাক্ষাৎকার নেয়া হয়েছিল। ফলে পুরস্কারগ্রহীতাদের বক্তব্য সম্প্রচার হওয়া থেকে বাদ পড়ে যায়। এর মধ্যে লেসলি প্যাটারসনের বক্তব্যও ছিল। তিনি অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের সহলেখক। এ সিনেমা সাতটি পুরস্কার জিতে সে রাতে শীর্ষে ছিল।

বাফটা অ্যাওয়ার্ডসের ইন মেমোরিয়াম সেকশনে পূর্ববর্তী বছরে মারা যাওয়া সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মরণ করা হয়। এ সেকশনে গত বছর প্রয়াত বার্নার্ড ক্রিবিনসের অনুপস্থিতি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সে বিতর্কে সুর মেলালেন ফিলিপ ডেভিস। ক্রিবিনস অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ডালেক’স ইনভ্যাশন আর্থ ২১৫০ এডি, দ্য রেলওয়ে চিলড্রেন এবং আলফ্রেড হিচককের ফ্রেনজি উল্লেখযোগ্য। তবে টেলিভিশনে তার কাজের জন্য তিনি সমধিক পরিচিত। এসব কারণে বাফটা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানকে ‘বিব্রতকর প্রতারণা’ বলে আখ্যা দিয়েছেন ফিল ডেভিস। সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের কথা প্রকাশ করেন তিনি। এর সঙ্গে তিনি যোগ করেন, ‘বিব্রতকর অখাদ্য সাক্ষাৎকারের জন্য বিজয়ীদের বক্তৃতা বাদ দেয়া হয়েছে। দরিদ্র রিচার্ড ই গ্রান্ট ব্যাটমোবাইলে চড়ে উপস্থিত হওয়ার ভান করছে, অথচ ইন মেমোরিয়ামে বার্নার্ড ক্রিবিনসের কোনো উপস্থিতিই নেই।’ তবে সমালোচনার উত্তরে বাফটার এক প্রতিনিধি বলেন, ‘মে মাসে অনুষ্ঠিতব্য টিভি অ্যাওয়ার্ডসে ক্রিবিনসকে স্মরণ করা হবে।’

ইংরেজ অভিনেতা ও নির্মাতা ফিল ডেভিস অসংখ্য সিনেমা ও টিভি শোতে অভিনয় করেছেন। এর মধ্যে কোয়াড্রোফেনিয়া, ভেরা ড্রেক ও হোয়াইট চ্যাপেল উল্লেখযোগ্য।

সূত্র: দ্য গার্ডিয়ান