আগস্টে ভারতে মুক্তি পেল দুটি বড় সিনেমা। একটি লোকেশ কনগরাজ পরিচালিত কুলি, অন্যটি অয়ন মুখার্জি পরিচালিত ওয়ার টু। সিনেমা দুটিই বক্স অফিসে আপাত সফল। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মুক্তির ১২ দিনে ভারত থেকে কুলি আয় করেছে ২৫০ কোটি রুপি এবং ওয়ার টু ২২২ কোটি রুপি। কিন্তু ওয়ার টু নিয়ে যশরাজসহ বলিউডের আশা ছিল আরো বেশি। তা পূরণ হয়নি। অন্যদিকে রজনীকান্ত অভিনীত কুলি মারদাঙ্গা ব্যবসা করেছে, রজনীকান্তের অনেক সিনেমার রেকর্ড ভেঙেছে কিন্তু কমল হাসান অভিনীত বিক্রমের রেকর্ড এখনো ভাঙতে পারেনি।
ওয়ার টু ও কুলি নিয়ে একটি সাধারণ অভিযোগ হলো সিনেমা দুটি আশা পূরণ করতে পারেনি। ওয়ার টুর গল্প ও অভিনয় মিলিয়ে দর্শক এটি নিয়ে উচ্ছ্বসিত হতে পারছে না। অন্যদিকে কুলি ভালো আয় করলেও এটি নিয়েও দর্শকের অভিযোগ আছে। তাদের অনেকেরই মতে, এটি লোকেশ কনগরাজের দুর্বলতম নির্মাণ।
তবে এর মধ্যেই কুলি বড় অংকের আয় করে নিয়েছে। সিনেমাটি এর মুক্তির ১১তম দিনেও (রোববার) আয় করেছে ১০ কোটি ৭৪ লাখ রুপি। অন্যদিকে একই দিন ওয়ার টু আয় করেছে ৭ কোটি ২৫ লাখ রুপি। অবশ্য রোববার ছুটির দিন হওয়ায় স্বাভাবিকভাবেই আয় বেশি থাকে। এর আগের দিন কুলির আয় ছিল ৫ কোটি রুপির কিছু বেশি। লোকেশ কনগরাজের মাস্টারকে ছাড়িয়ে গেছে কুলি। মাস্টারের আয় ছিল ১৫৩ কোটি রুপির মতো। কিন্তু লোকেশ পরিচালিত বিক্রমকে পার করতে পারেনি কুলি, বিক্রম আয় করেছিল ২৮৯ কোটি রুপির বেশি। সিনেমাটি আয় কম করার আরেকটি কারণ এটি ‘এ’ (অ্যাডাল্টস ওনলি) সার্টিফিকেট পেয়েছে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










