আমেরিকান বিখ্যাত ম্যাগাজিন রোলিং স্টোন সর্বকালের সেরা ২০০ গায়ক-গায়িকার তালিকা প্রকাশ করেছে। তালিকায় স্থান পেয়েছেন এশিয়ার বেশ কয়েকজন কিংবদন্তী শিল্পী। আছেন লতা মঙ্গেশকর, নুসরাত ফতেহ আলী খান। হাল আমলের ক্রেজ বিটিএস সদস্য জাংকুকও জায়গা করে নিয়েছেন এ গ্রেটদের তালিকায়।
প্রয়াত লতা মঙ্গেশকর আছেন তালিকার ৮৪তম স্থানে। রোলিং স্টোন লতাকে ‘মেলোডি কুইন’ এবং প্লেব্যাকের সম্রাজ্ঞী হিসেবে অভিহিত করেছে। দক্ষিণ এশিয়ার কিংবদন্তী কাওয়ালি গায়ক নুসরাত ফতেহ আলী খান আছেন রোলিং স্টোনের তালিকায়। তিনি আছেন ৯১তম স্থানে। পাকিস্তানের এ গায়ককে নিয়ে রোলিং স্টোন লিখেছে, সুফি ভক্তিবাদী কাওয়ালির একজন আইকন তিনি।
রোলিং স্টোনের তালিকায় প্রথম স্থানে আছেন প্রয়াত আমেরিকান গায়িকা আরেথা ফ্র্যাংকলিন। তাকে সম্বোধন করা হয়েছে গায়িকাদের গায়িকা, জিনিয়াস, রানীদের রানী হিসেবে। বিখ্যাতদের মধ্যে এ তালিকায় আছেন— জন লেনন (১২), ফ্রেডি মার্কারি (১৪), বব ডিলান (১৫), প্রিন্স (১৬), এলভিস প্রিসলি (১৭), ফ্রাংক সিনাত্রা (১৯), অ্যাডেলে (২২), আরিয়ানা গ্রানডে (৪৩), লেডি গাগা (৫৮), মাইকেল জ্যাকসন (৮৬), বব মার্লে (৯৮), এলটন জন (১০০), টেলর সুইফট (১০২), জাংকুক (১৯১), বিলি আইলিশ।
সূত্র: রোলিং স্টোন










