একসময়ের টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ছিলেন ডা. এসএম এজাজুল ইসলাম। ডা. এজাজ বলেই বেশি পরিচিত তিনি। কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের নাটকের মাধ্যমে বিনোদন দুনিয়ায় যাত্রা তার। পরবর্তী সময়ে এ গুণী নির্মাতার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক তারা তিনজনের মামার ভূমিকায় দেখা যেত তাকে। বর্তমান সময়েও ডা. এজাজ নাটক ও সিনেমায় অভিনয় করছেন। এছাড়া কয়েক বছর ধরে তিনি নাটক পরিচালনাও করছেন। সম্প্রতি এ অভিনেতা নতুন একটি নাটকের নির্দেশনা দিয়েছেন। এ নাটকে অভিনয়ও করেছেন এজাজ। এ নাটকে এজাজের সঙ্গে আরো দেখা যাবে মিলন ভট্টাচার্য্য, সানিজদা মিলাসহ আরো অনেকে। এ নাটকের মধ্য দিয়ে প্রথমবার ডা. এজাজুল ইসলামের নির্দেশনায় তার সঙ্গে অভিনয় করলেন সানজিদা মিলা। এ নিয়ে এজাজ বলেন, ‘নাটকটির প্রতিটি চরিত্র গল্প অনুযায়ী নেয়া হয়েছে। এ নাটকে গল্পের প্রয়োজনে মূলত সানজিদা মিলাকে নিয়ে নাটকটি নির্মাণ করেছি। চরিত্রানুযায়ী তিনি ভালো অভিনয় করেছেন।’ সানজিদা মিলা বলেন, ‘ছোটবেলা থেকে ডা. এজাজের অভিনয় দেখে মুগ্ধ হয়েছি, আমার খুব ভালো লাগার একজন মানুষ তিনি। তার সঙ্গে এটা আমার প্রথম কাজ। ভালো লাগার পরিমাণটা লিখে বা বলে বোঝানো সম্ভব নয়। একজন ভালো মানসিকতার মানুষের সঙ্গে কাজ করার প্রশান্তিই আলাদা। তার সঙ্গে অভিনয় করে অনেক কিছু শিখতেও পারি।’ এখনো নাটকটির নাম নির্ধারণ করা হয়নি। শুটিং শেষ হয়েছে এরই মাঝে। নাটকটি শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। এজাজুল ইসলাম হুমায়ূন আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘‌সবুজ সাথী’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন। ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘‌শ্রাবণ মেঘের দিন’ সিনেমার মধ্য দিয়ে তিনি বড় পর্দায় অভিনয় শুরু করেন। ‘‌তারকাঁটা’ সিনেমায় অভিনয়ের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতার পুরস্কার পেয়েছিলেন এ অভিনেতা।

অন্যদিকে মিলা নাটকে অভিনয়ের পাশাপাশি রয়েছেন তার সিনেমা মুক্তির অপেক্ষায়। এরই মাঝে শেষ করেছেন পুজন মজুমদারের ‘প্রিয়ারে’, শুদ্ধমান চৈতনের ‘দামপাড়া’ ও ফুয়াদ চৌধুরীর ‘মেঘনা কন্যা’ সিনেমার কাজ।