হলিউডের অন্যতম অভিনেতা ব্র্যাড পিট। ফাইট ক্লাব, মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ, লিজেন্ডস অব দ্য ফল, দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন, ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড বা থেলমা অ্যান্ড লুইসের মতো অনেক ফিল্মের জন্য সুপরিচিত তিনি।

পিটকে আমেরিকান বিনোদন শিল্পের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালীদের একজন বলে গণ্য করা হয়। জেনিফার অ্যানিস্টন ও অ্যাঞ্জেলিন জোলির মতো নামজাদা অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কের জন্য প্রায়শই খবরের শিরোনাম হন তিনি। তবে এখন ভিন্ন কারণে খবরে ব্র্যাড পিট।

পেজ সিক্সের একটি প্রতিবেদন অনুসারে, ব্র্যাড পিট আপাতদৃষ্টিতে হলিউড থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নিচ্ছেন। অভিনেতা গত মাসে তার প্রযোজনা সংস্থা প্ল্যান বির বেশিরভাগ শেয়ার বিক্রি করেছেন বলে জানা গিয়েছে। ২০০১ সালে সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ তারকা প্ল্যান বি থেকে নিজের ৬০ শতাংশ শেয়ার একটি ফরাসি মিডিয়া সংস্থার কাছে বিক্রি করেছেন।

একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়, আগামী দিনে শান্তিপূর্ণ জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন ব্র্যাড পিট এবং ‘আধা অবসরের' পথে হাঁটছেন।

এ তারকা এখন হলিউড ছেড়ে ফ্রান্সে গিয়ে সেখানে আঙ্গুর বাগান ও শৈল্পিক কাজে যুক্ত হওয়ার কথা ভাবছেন। তিনি কেবল একটু শান্তিতে থাকতে চান। সেজন্য প্রযোজনা সংস্থার বেশির ভাগ অংশ ছেড়ে দিয়েছেন। তবে ব্যবসায়িক উদ্যোগ থেকে সরে গেলেও যে অভিনয় ছাড়বেন, তা মনে হচ্ছে না।