পুরস্কারের কোনোটিই যেন ছাড়বেন না আলিয়া। ফিল্মফেয়ার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পর এবার জিতলেন ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড। সেরা অভিনেত্রী হয়েছেন তিনি। নেটফ্লিক্সের ওয়েব ফিল্ম ‘‌ডারলিংস’-এর জন্য এ পুরস্কার জিতেছেন আলিয়া। রোববার রাতে বসেছিল ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের চতুর্থ আসর। হাজির হয়েছিলেন ভারতের অভিনয় দুনিয়ার বহু তারকা। ফিল্ম ফেয়ারের আদলেই নানা বিভাগে পুরস্কার দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে কেবল ওটিটি কনটেন্টই ছিল বিবেচ্য। মূলত ওটিটি ভারতে ছড়িয়ে পড়ার পর ওটিটির কলাকুশলীদের উৎসাহ দিতে এ পুরস্কারের আয়োজন করা হয়।

আলিয়া ভাটের ওটিটি অভিষেক হয়েছিল নেটফ্লিক্সের ডারলিংস সিনেমার মাধ্যমে। ২০২২ সালে মুক্তি পাওয়া এ সিনেমার পরিচালক জাসমিত কে রিন। সিনেমায় আলিয়ার বিপরীতে ছিলেন বিজয় বর্মা। ওটিটি অ্যাওয়ার্ডসে তিনিও পুরস্কৃত হয়েছেন। সিরিজে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। এছাড়া সেরা সিরিজের পুরস্কার পেয়েছে হানসল মেহতা পরিচালিত ‘‌স্কুপ’।

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড রীতিমতো ৪৯টি বিভাগে দেয়া হয়েছে। অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সেরা নির্বাচন করা হয়েছে একাধিক বিভাগে। সিরিজের জন্যই ড্রামা, কমেডিতে ভাগ করা হয়েছে। আছে ক্রিটিকস চয়েজ আর সাধারণ বিভাগ। যেমন সাধারণভাবে সেরা সিরিজ স্কুপ ও ক্রিটিকস চয়েজে সেরা হয়েছে ট্রায়াল বাই ফায়ার। সেরা পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। আবার সমালোচকদের চোখে সেরা রণদীপ ঝা। ফিল্মফেয়ার সম্ভবত কাউকেই কষ্ট দিতে চায়নি।

এদিকে মনিকা ও মাই ডার্লিংয়ের জন্য সমালোচকদের চোখে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রাজকুমার রাও। অরিজিনাল ফিল্ম বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মনোজ বাজপেয়ী। সমালোচকদের চোখে সিরিজের জন্য সেরা অভিনেত্রী যুগ্মভাবে কারিশমা তান্না ও সোনাক্ষী সিনহা।

সূত্র: ইন্ডিয়া টুডে