গারো জনগোষ্ঠীর গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিকিংগ্রি এটচালুক। চিত্রনাট্যর পাশাপাশি পরিচালনা করেছেন মহিন রাখাইন। তিনি মনোজ প্রামাণিকের ছাত্র। প্রযোজনা করেছেন মনোজ প্রামাণিক। এটি গারো সম্প্রদায়ের জীবনভিত্তিক গল্প নিয়ে তাদের আচিক ভাষায় নির্মিত। সিনেমাটির অভিনয়শিল্পীরাও গারো সম্প্রদায়ের। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চেংগিনি গ্রামে এ চলচ্চিত্রের দৃশ্য গ্রহণ করা হয়েছে। এ সিনেমার গল্পকার, চিত্রনাট্যকার মহিন নিজেই। তিনি রাখাইন সম্প্রদায়ের হলেও চলচ্চিত্র নির্মাণ করেছেন গারোদের ভাষায়। এ স্বল্পদৈর্ঘ্য সিনেমার প্রযোজনা সংস্থা ‘মনপাচিত্র’।
চলচ্চিত্রটির গল্পকার, চিত্রনাট্যকার ও পরিচালক মহিন রাখাইন বলেন, ‘আমি আদিবাসীদের নিয়ে সিনেমা বানানোর চেষ্টা করি। যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, তখন গারোদের সঙ্গে চলাফেরা হয়েছে। তাদের কালচারের সঙ্গে মেশা হয়েছে, ওই জায়গা থেকে চলচ্চিত্রটি বানানো। এটি ১৩তম ধর্মশালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হিমাচল প্রদেশ ভারতে অফিশিয়াল সিলেকশনের মাধ্যমে প্রদর্শিত হয়। শিগগিরই বাংলাদেশে চলচ্চিত্রটির প্রদর্শন করা হবে।’
চলচ্চিত্রটির প্রযোজক মনোজ প্রামাণিক বলেন, ‘এর প্রযোজনা আমি করেছি। সিনেমাটির রচনা ও পরিচালনা যে করেছে সে আমার একজন শিক্ষার্থী, তার নাম মহিন রাখাইন। সে রাখাইন সম্প্রদায়ের মানুষ। চলচ্চিত্রটি বানিয়েছে গারো সম্প্রদায় নিয়ে। আমি শিক্ষকতার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ করি। তারই অংশ হিসেবে কাজটি আমরা করেছি। এটি অনেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছে।
এরই মধ্যে বিকিংগ্রি এটচালুক বেশ কয়েকটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছে ও প্রশংসা কুড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার ‘১২তম ডায়াসপোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে উৎসব ভ্রমণ শুরু হয়। পরে ২৩তম ‘নিউইয়র্ক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেসটিভ্যাল অব সাউথ এশিয়া টরন্টো, ২০২৪’-এ অফিশিয়ালি সিলেক্টেড হয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করে। সর্বশেষ চলচ্চিত্রটি ১৩তম ধর্মশালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হিমাচল প্রদেশ ভারতে অফিশিয়াল সিলেকশনের মাধ্যমে গতকাল এ প্রদর্শনী হয়। শিগগিরই বাংলাদেশে চলচ্চিত্রটির প্রদর্শনী করা হবে।
এ চলচ্চিত্র স্বাধীনভাবে ও স্বল্প বাজেটে তৈরি হয়েছে। তা সত্ত্বেও চলচ্চিত্রের শিক্ষার্থী মহিন রাখাইন একে বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে নিজের ও দেশের জন্য সুনাম অর্জন করছেন।










