প্রেক্ষাগৃহে মুক্তির পর অনেক সিনেমা এখন ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে। সে ধারাবাহিকতায় গতকাল স্ট্রিমিং শুরু হয়েছে ‘আয়নাবাজি’র। দেশের গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত সিনেমাটি ওটিটি প্লাটফর্ম হইচইয়ে স্ট্রিমিং শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। 

চঞ্চল চৌধুরী অভিনীত চলচ্চিত্রটি ২০১৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়, যা দর্শক ও সমালোচক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। সাতটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল সিনেমাটি। চলচ্চিত্রটির ডিজিটাল রিলিজে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘‌আয়নাবাজি আমার পরিচালিত প্রথম চলচ্চিত্র এবং এখন এটি হইচইয়ের সিনেমাপ্রেমী দর্শকের পর্দায় শোভা পাবে। এ চলচ্চিত্রের মাধ্যমে দর্শক নিজেদের একটি অতুলনীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। এর গল্প সমাজের সর্বজনীন সত্য একটি ঘটনাকে প্রতিফলিত করে এবং এর প্রতিটা চরিত্র চলচ্চিত্রজুড়ে অত্যন্ত সত্যতার সঙ্গে অনুরণিত হয়েছে। আশা করছি, হইচইয়ের মাধ্যমে এটি বিশ্বব্যাপী দর্শকের মন জয় করবে।’ 

সিনেমাটিতে শরাফত করিম আয়না চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেন চঞ্চল চৌধুরী। এতে অভিনয় করে তার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছিলেন চঞ্চল চৌধুরী।