সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ও সংশ্লিষ্ট তর্কবিতর্কে একবারে মুখ বন্ধ রাখার নীতি মেনে চলেছেন অক্ষয় কুমার। শনিবার অবশ্য এ বিষয় তার দীর্ঘ নীরবতা ভেঙেছেন। এক ভিডিওতে অক্ষয় তার দীর্ঘ সময়ের নীরবতার কারণ যেমন ব্যাখ্যা করেছেন, তেমনি জানিয়েছেন নীরবতা ভাঙার কারণও। 

ভিডিও ক্লিপে অক্ষয় বলেন, তিনি অনেক বেশি নেতিবাচক ভাবনা দেখছেন চারপাশে। তাই বুঝতে পারছিলেন না কার সঙ্গে কথা বলবেন কিংবা কী বিষয়ে বলবেন। তাই শেষমেশ তিনি এ ভিডিও তৈরির সিদ্ধান্ত নেন।

ভক্তদের উদ্দেশে অক্ষয় বলেন, চলচ্চিত্র আবর্তিত হয় শুধু দর্শকদের আবেগের সঙ্গে। তাই দর্শকদের ক্ষুব্ধ হওয়ারও কারণ আছে এবং বলিউড তাদের ক্ষোভকে উদার চিত্তে গ্রহণ করে।

‘আমরাও নিজেদের আত্মমূল্যায়নে বাধ্য হয়েছি। পরিস্থিতি আমাদের ইন্ডাস্ট্রির কিছু বিষয় মূল্যায়নে ধাবিত করেছে এবং বিষয়গুলো নিয়ে আমাদের মনোযোগ দেয়া উচিত।’ অক্ষয়কে বলতে শোনা যায়।

বলিউডে মাদকের ব্যবহার ও সমস্যার কথা স্বীকার করেছেন অক্ষয়। তিনি বলেন, ‘বর্তমানে মাদক ও নেশাদ্রব্য নিয়ে অনেক কথা হচ্ছে। আমি বুকে হাত রেখে আপনাদের বলছি যে বিষয়টি নিয়ে আমি মিথ্যা বলব না। বলিউডে এ সমস্যা নেই, এটা বলা যাবে না।’

দুনিয়ার সব ইন্ডাস্ট্রিতেই এ সমস্যা আছে বলে উল্লেখ করেন অক্ষয়। ‘সবখানেই এ সমস্যা আছে। কিন্তু এটাও সত্য নয় যে বলিউডের সবাই এ সমস্যায় যুক্ত। আমি নিশ্চিত যে কর্তৃপক্ষ (এনসিবি, সিবিআই) এ বিষয়ে সঠিক পদক্ষেপ নেবে।’

অক্ষয় দর্শকদের কাছে আবেদন রাখেন তারা যেন গুটি কয়েক মানুষের জন্য বলিউডের সবাইকে দোষ না দেন। তিনি মনে করেন, বলিউডের সব তারকা ও সংশ্লিষ্টরা এ বিষয়ে কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা দেবেন।

মিডিয়ার ভূমিকার গুরুত্ব নিয়েও কথা বলেন অক্ষয়। তার মতে, গণমাধ্যম যদি সঠিক সময়ে সঠিক বিষয়ে কথা না বলে তাহলে ন্যায়বিচার পাওয়াটা কঠিন হয়ে যায়। একই সঙ্গে তিনি গণমাধ্যমকে সংবাদের ক্ষেত্রে সংবেদনশীলতা প্রদর্শনের অনুরোধ জানান।

অক্ষয় করজোড়ে ভক্তদের আস্থা রাখার অনুরোধ জানান। তিনি উল্লেখ করেন দর্শকরা মুখ ফিরিয়ে নিলে আবার তাদের আস্থা ফিরে পেতে তারকারা কঠোর পরিশ্রম করবেন।

 

সূত্র: ডিএনএ