আগামী ২০-২৩ মার্চ ইতালির ভেনিস শহরে শুরু হচ্ছে কা’ফসকারি শর্টফিল্ম ফেস্টিভ্যালের ১৪তম আসর। ঐতিহ্যবাহী এ উৎসবে প্রদর্শন হচ্ছে বাংলাদেশী শর্টফিল্ম হাওয়াই মিঠাই (দ্য সুইটনেস অব এয়ার)। যুদ্ধকালীন বাস্তবতার গল্পে এটি নির্মাণ করেছেন রাকায়েত রাব্বি।

রাকায়েত রাব্বি পরিচালিত হাওয়াই মিঠাই দেশে মুক্তির আগেই প্রিমিয়ার হচ্ছে ভ্যানিসের অন্যতম প্রসিদ্ধ এ উৎসবে। এ প্রসঙ্গে রাব্বি বলেন, ‘ইতালির কা’ফসকারি শর্টফিল্ম ফেস্টিভ্যালে আমাদের শর্টফিল্ম যাচ্ছে, সত্যি এটা খুব আনন্দের খবর। অন্য রকম ভালো লাগা কাজ করছে। সবকিছু ঠিক থাকলে আমি ও আমার সিনেমার প্রধান প্রটাগোনিস্ট মিজানুর রহমান মার্চের শেষ দিকে কা’ফসকারি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের আসরে অংশ নিতে ইতালি যাত্রা করব। পুরো পৃথিবীই যুদ্ধের বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধের এ নিদারুণ বাস্তবতা নিয়েই আমাদের চলচ্চিত্র হাওয়াই মিঠাই।’

তরুণ নির্মাতা রাকায়েত রাব্বি ছোট পর্দায় নিয়মিত নাটক নির্মাণ করেন। আর এবার শর্টফিল্ম নির্মাণ করে যাচ্ছেন ইতালির মঞ্চে। শর্টফিল্ম হাওয়াই মিঠাইয়ের চিত্রনাট্য লিখেছেন রাব্বি নিজেই। আর এতে হাওয়াই মিঠাইওয়ালা চরিত্রে অভিনয় করেছেন মিজানুর রহমান। কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে মিজানুর রহমান বলেন, ‘একটা তারুণ্যনির্ভর টিম, যারা সীমানা পেরিয়ে কিছু করতে চেয়েছিল, এ অর্জন সে ইচ্ছেরই অনুবাদ। এমন কিছু প্রত্যাশিতই ছিল। কারণ আমরা অনেক কষ্ট করেছি। সবার কষ্টের ফল আজকের এ চলচ্চিত্র।’ 

ফিলিং স্টেশন ও বিগ ব্যাং ফিল্মসের ব্যানারে নির্মাণ হয়েছে হাওয়াই মিঠাই। সিনেমাটোগ্রাফি করেছেন মনির হোসেন।