বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন অভিনেত্রী পূর্ণিমা। কয়েকদিন আগেই সে খবর এসেছিল। বিভিন্ন স্থান থেকে তার কাছে গেছে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা। পূর্ণিমার জীবনের চলার পথের সাফল্য হিসেবে নতুন এ প্রাপ্তি যেন তাকেও গর্বিত করেছে, আনন্দিত করেছে। বুধবার তিনি এ দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। বিকালে রাজধানীর সার্কিট হাউজের ‘চলচ্চিত্র ভবন’-এ অবস্থিত সেন্সর বোর্ডের অফিসে যান তিনি। এরপর একটি সিনেমা সন্ধ্যা পর্যন্ত উপভোগ করে তারপর বাসায় ফিরে যান।
প্রথম দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘১৫ মে ছিল আমার চলচ্চিত্র জীবনের জন্য একটি স্মরণীয় দিন, আবার একই দিনে সেন্সর বোর্ডের সদস্য হিসেবে কাজ শুরু করা। তাই নিজের ভেতর একটা অন্য রকম ভালো লাগা কাজ করছিল।’ মূলত ১৯৯৮ সালের ১৫ মে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় নায়ক রিয়াজের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে পূর্ণিমার অভিষেক ঘটে। তাই সেন্সর বোর্ডের প্রথম দিন তার জন্য আরো বিশেষ হয়ে উঠল।
নতুন দায়িত্ব ও সহকর্মীদের সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘অফিসে পৌঁছনোর পর সেন্সর বোর্ডের অন্য সদস্যরা আমাকে স্বাগত জানান। এরপর আমরা সবাই মিলে একটি সিনেমা উপভোগ করি। অফিসের অন্যরাও এসেছিলেন। সিনেমা দেখা শেষে এ ব্যাপারেই সবাই কথা বলছিলেন, প্রশংসা করছিলেন। আমার কাছেও ভালো লাগল সিনেমাটি।’
সেন্সর বোর্ড নিয়ে নানা কথাই হচ্ছে ইদানীং। অনেক সিনেমা আটকে থাকে বা রাখা হয়। এ নিয়েও আলোচনা করেছেন পূর্ণিমা। তিনি বলেন, ‘সেন্সরে আটকে থাকা সিনেমা নিয়েও কথা হলো। কী করলে সে সিনেমাগুলোকে সেন্সর দেয়া যেতে পারে এসব বিষয়ে বিষদ আলোচনা হলো।’
প্রথম দিন বেশ ভালো কেটেছে পূর্ণিমার। সেন্সর বোর্ডে সুচারুভাবে নিজের দায়িত্ব পালন করতে চান তিনি। এ নিয়ে বলেন, ‘সব মিলিয়ে প্রথম দিনের অভিজ্ঞতা ভালো। বাংলা সিনেমাপ্রেমী দর্শকের কাছে ভালো ভালো সিনেমা পৌঁছে দেয়ার কিছুটা দায়িত্ব আমার কাঁধেও। এ দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে চাই।’










