ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ হাতে উঠতে যাচ্ছে বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার। গত ২৫ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস নোটে এবার পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করেছে। সে তালিকায় দেখা যায় রেজওয়ানা চৌধুরী বন্যার নাম। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন। পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী আছে এর পরে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য এ পুরস্কার দেয়া হয়। ভারতের প্রজাতন্ত্র দিবস সামনে রেখে প্রতি বছর পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সাধারণত মার্চ বা এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠান করে পুরস্কারগুলো তুলে দেয়া হয়।

বন্যার পদ্মশ্রী পদকপ্রাপ্তি উপলক্ষে বাংলাদেশে কয়েকটি সংগঠন তাকে সংবর্ধনাও দিয়েছে। এদিকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) ও স্মার্ট বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন ট্রাবের সভাপতি সালাম মাহমুদ। এ আয়োজনেই রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ‘আজীবন সম্মাননা’ তুলে দেবেন বন্যার হাতে। 

বর্তমানে কলকাতায় আছেন বন্যা। সেখান থেকেই নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আগামী ২১ ফেব্রুয়ারি এ আয়োজনে আমি আজীবন সম্মাননা গ্রহণ করতে যাচ্ছি। নিশ্চয়ই যেকোনো পুরস্কার একজন শিল্পীর জন্য পরম আনন্দের, ভালোলাগার। যথারীতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ সম্মাননা আমি আনন্দের সঙ্গেই গ্রহণ করব। ধন্যবাদ আয়োজকদের যারা আমাকে এ সম্মাননার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করেছেন।’

অন্যদিকে পদ্মশ্রী সম্মাননা প্রসঙ্গে বন্যা বলেন, ‘এখন আমার মনে হয় আমার দায়িত্বটা অনেক বেড়ে গেছে। যে সম্মান ও স্বীকৃতি পেতে যাচ্ছি, তার যোগ্য যেন হয়ে উঠতে পারি। আগামীতে আরো ভালোভাবে কাজ করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।’

রেজওয়ানা চৌধুরী বন্যা প্রথমে ছায়ানট এবং পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। সেখানে শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন ও আশীষ বন্দ্যোপাধ্যায়ের মতো সংগীতজ্ঞদের সান্নিধ্যে আসেন তিনি। সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পুরস্কার’ পান বন্যা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত এ শিল্পী। এদিকে রেজওয়ানা চৌধুরী বন্যা জানিয়েছেন ফেসবুকে তার নিজের কোনো আইডি বা পেজ নেই। চলতি সপ্তাহের শেষেই দেশে ফিরবেন তিনি।