নারীর সংগ্রাম, ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে সিনেমা নির্মাণ করে বাংলাদেশী পরিচালক রুবাইয়াত হোসেন প্রশংসিত হয়েছেন। ২০১১ সালেমেহেরজান দিয়ে তার যাত্রা। আন্ডার কনস্ট্রাকশন (২০১৫), মেড ইন বাংলাদেশ (২০১৯) দিয়ে দেশের পাশাপাশি এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। এবার বার্লিন কো-প্রডাকশন মার্কেটে নিজে অংশগ্রহণ করার পাশাপাশি নারী নির্মাতাদের নিয়ে একটি প্রজেক্টে যুক্ত হয়েছেন তিনি।

যে সিনেমাটি নিয়ে রুবাইয়াত বার্লিন কো-প্রডাকশন মার্কেট ইভেন্টে অংশ নিচ্ছেন তার নাম দ্য ডিফিকাল্ট ব্রাইড। সিনেমার পরিচালক ও চিত্রনাট্যকার রুবাইয়াত নিজেই। সিনেমার গল্প নভেরা নামে এক নারীকে কেন্দ্র করে তৈরি। বর্তমান ঢাকার মেয়ে নভেরা তার বিয়ে নিয়ে কল্পনায় মজে থাকে। রূপকথার গল্পের মতো একটি বিয়ের স্বপ্ন দেখে সে। কিন্তু সে স্বপ্নের পাশাপাশি নিজের শারীরিক গঠন নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে। শরীর ‘ঠিক করতে’ তাই সে ক্রমাগত নানা রূপচর্চা শুরু করে। মানসিক চাপ, দুশ্চিন্তায় ভোগা নভেরা আসলে বর্তমান সময়ের নারীদের একটি অংশের প্রতীক।

খনা টকিজের হয়ে আদনান ইমতিয়াজ আহমেদের প্রযোজনায় সিনেমাটির নির্মাণ ব্যয় প্রায় ৭ কোটি টাকা। এর এক-তৃতীয়াংশ বাংলাদেশ থেকে সংগৃহীত। ভ্যারাইটির নমন রামচন্দ্রন লিখেছেন, সিনেমাটি ইউরোপে নতুন বিনিয়োগকারী, সেলস এজেন্ট, টেকনিক্যাল ক্রুদের আকর্ষণ করবে বলে আশা করা যায়।

এ সিনেমার পাশাপাশি ১৮ ফেব্রুয়ারি থেকে সুলতানা’স ড্রিম নামে একটি প্রকল্প শুরু হচ্ছে। বেগম রোকেয়ার উপন্যাসের নামে নামকরণ করা এ প্রকল্পের অধীনে নারী নির্মাতাদের সহায়তা, পরামর্শ, অর্থায়ন ও কাজের প্রচার করা হবে। প্রকল্পের অধীনে একটি শর্ট ফিল্ম প্রতিযোগিতা আয়োজিত হবে। উদীয়মান ১৬ নির্মাতাকে নিয়ে প্রকল্পটি কাজ করবে। নির্মাতারা সিনেমা নির্মাণের মূলনীতির ওপর প্রশিক্ষণ লাভ করবেন। মার্চজুড়ে এ প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের নেতৃত্বদান, চিত্রনাট্য লেখার নিয়ম এবং পাঠচক্রের মধ্য দিয়ে নারীবাদী সিনেমার ইতিহাস সম্পর্কে শেখানো হবে। এপ্রিল থেকে জুনের মধ্যে দৃষ্টিভঙ্গি এবং লৈঙ্গিক দৃষ্টিকোণ থেকে সিনেমাকে বোঝার কর্মশালা আয়োজিত হবে। জুলাইয়ে শিক্ষার্থীরা একটি জুরি বোর্ডের সামনে তাদের চিত্রনাট্য উপস্থাপনের সুযোগ পাবেন। এখান থেকে দুটো প্রজেক্ট বা দুজন নির্মাতা অনুদান লাভ করবেন। সেপ্টেম্বর-অক্টোবরে প্রি-প্রডাকশন থেকে শুরু করে ডিসেম্বরে সিনেমার কাজ শেষ করতে হবে। সিনেমার প্রচার-প্রসারের জন্য প্রকল্প থেকে সার্বিক সহায়তা দেয়া হবে।

রুবাইয়াত হোসেনের পাশাপাশি লেখক ফিলিপ ব্যরিয়ের, তাসমিয়া আহমেদ মৌ ও ডিজাইনার-প্রডিউসার জোনাকি ভট্টাচার্য উদীয়মান নির্মাতাদের পরামর্শক হিসেবে থাকছেন। প্রকল্পটি সফল হলে বাংলাদেশী নারী নির্মাতাদের নিয়ে সুলতানা’স ড্রিম আরো বড় পরিসরে কাজ করতে আগ্রহী।

 

সূত্র: ভ্যারাইটি