ঢাকার মঞ্চে আগামী শুক্রবার আসছে নতুন নাটক। জাগরণী থিয়েটারের এ নাটকের নাম কাদামাটি। অনিকেত পালের রচনা ও দেবাশীষ ঘোষের নির্দেশনায় নাটকটি বেইলি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মঞ্চায়ন হবে। এটি জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর আবদুস সেলিম, সভাপতি আইটিআই বাংলাদেশ সেন্টার; বিশেষ অতিথি থাকবেন ড. বাবুল বিশ্বাস, নাট্যগবেষক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বালাদেশ থিয়েটার আর্কাইভস এবং কাদের তালুকদার, সাবেক উপপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
নাটকের গল্প পরিচিত হলেও কৌতূহলোদ্দীপক। জীবন-জীবিকার তাগিদে কিংবা নিজের ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষায় দৃঢ় মনোবল নিয়ে মানুষ অনেক সময় নিজের শিকড় ছেড়ে পাড়ি জমায় অন্য দেশের মাটিতে। কাদামাটির গল্পটি তেমন কিছু মানুষ নিয়েই। আবার এটাকে ঠিক গল্প বলা যায় না। বলা যায়, অনুভূতির এক মহাকাব্য, যা পাড়ি দেয়া মানুষগুলোর বাস্তবতার গল্প বলে; দুঃখ কিংবা সময়ের একাকিত্বের গল্প বলে। এ গল্পে দেখায়, চারপাশে হাজার হাজার মানুষ থাকা সত্ত্বেও একসময় না একসময় বড্ড একা মনে হয় শিকড় ছাড়া মানুষটার। বড় বড় আলোক ঝলমলে ভবনগুলো যেন গুম করে ফেলে তাকে। কেউ যেন তাকে দেখছে না বা অনুভব করছে না। এখানে সবাই যেন তার নিজের মধ্যেই হারিয়ে যেতে চায়। এ শহরে স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে এক সময় নিজের পরিচয়টা খুঁজে পাওয়া যায় না। কিন্তু নিজের শিকড় যখন গাঁথা হয়ে যায় অন্য মাটিতে, তখন এ শিকড়ের জন্যই ফিরে যাওয়া হয়ে ওঠে না তার নিজের মাটিতে। এটাই হলো বাস্তবতা।
নাটকের প্রয়োগে আছেন স্মরণ সাহা। রচনা করেছেন অনিকেত পাল। নির্দেশনায় দেবাশীষ ঘোষ। সেট ও লাইট পলাশ হেনড্রী সেন, আবহ সংগীত রামিজ রাজু, পোস্টার ডিজাইন করেছেন সোয়েব হাসনাত মিতুল, প্রক্ষেপণ শাহানা জাহান সিদ্দিকা, সাজিদ আহমেদ রনি, শ্রেয়া সাহা স্বর্ণা, ব্যবস্থাপক: বিশ্বজিৎ পাল (গৌরাঙ্গ) মঞ্চ ব্যবস্থাপক বাহারুল ইসলাম বাহার ও প্রযোজনা অধিকর্তা আজিম উদ্দিন।










