ইলেকট্রনিক মিউজিকের ক্ষেত্রে অন্যতম নাম রিউয়িচি সাকামোতো। ৭১ বছর বয়সে মারা গেছেন তিনি। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে গত সপ্তাহে মারা গেছেন রিউয়িচি। তার ম্যানেজমেন্ট কোম্পানি থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‌তিনি জীবনের একদম শেষ পর্যন্ত সংগীতের সঙ্গেই বেঁচে ছিলেন। আমরা তার ভক্তদের প্রতি গভীরতম কৃতজ্ঞতা জানাতে চাই। এছাড়া জাপান ও আমেরিকার মেডিক্যাল প্রফেশনালদের প্রতিও আমরা কৃতজ্ঞ, যারা তাকে সুস্থ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন।’

রিউয়িচি সাকামোতো তার সময়ের অন্যতম প্রভাবশালী ইলেকট্রনিক মিউজিক কম্পোজার। তিনি ইয়েলো ম্যাজিক অর্কেস্ট্রার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া ‘‌দ্য লাস্ট এম্পেরর’-এর সংগীত পরিচালনার জন্য অস্কার পেয়েছিলেন। ১৯৮৭ সালের সিনেমাটিতে সাকামোতো অভিনয়ও করেছিলেন। এছাড়া তিনি ‘‌মেরি ক্রিসমাস মিস্টার লরেন্স’ সিনেমায় চমৎকার ব্যাকগ্রাউন্ড স্কোর দেয়ার জন্যও প্রশংসিত। এ সিনেমায়ও অভিনয় করেছেন সাকামোতো। এ গল্পে একজন ব্রিটিশ কর্নেল জাপানের ক্যাম্প কমান্ডারের সঙ্গে শান্তিচুক্তি করতে চায়। জাপানি কমান্ডারের চরিত্রে অভিনয় করেছিলেন সাকামোতো। ব্রিটিশ কর্নেলের চরিত্রে ছিলেন ডেভিড বোয়ি।

১৯৮৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে ফরবিডেন কালার্স শিরোনামের গানটি গেয়েছিলেন ডেভিড সিলভেইন। গানটি সাকামোতোর থিমের ওপর সুর করা। এটি সিঙ্গেল হিসেবে মুক্তি পাওয়ার পরই জনপ্রিয় হয়। মজার ব্যাপার হলো ৪০ বছর পরও কান উৎসবের অফিশিয়াল কম্পিটিশনে গানটি বাজানো হয়। ১৯৮৩ সালে এ গান নিয়ে ডেভিড বোয়ি, জ্যাক থম্পসন, নাগসিয়া ওসিমা ও রিউয়িচি সাকামোতো কান উৎসবে গিয়েছিলেন।

রিউয়িচি সাকামোতোর জন্য ১৯৫২ সালের ১৭ জানুয়ারি। ১৯৭০ সালে  তিনি টোকিও ন্যাশনাল ইউনিভার্সিটি অব ফাইন আর্টস থেকে সংগীতে ব্যাচেলর ডিগ্রি পান। মাস্টার্স করেছিলেন ইলেকট্রনিক মিউজিকের ওপর। এছাড়া গবেষণা করেছেন জাপান, ভারত ও আফ্রিকার সংগীতের ওপর। ১৯৭৮ সালে উকিহারো তাকাহাসি, হারুমি হোসোনোকে সঙ্গে নিয়ে শুরু করেন ইয়েলো ম্যাজিক অর্কেস্ট্রা। সেই থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তাদের সাতটি অ্যালবাম মুক্তি পায়। প্রতিটিই জনপ্রিয় হয়েছিল। টেকনোপলিস ও কম্পিউটার গেম ছিল রীতিমতো ইন্টারন্যাশনাল হিট। ১৯৮৪ সালে ব্যান্ড ভেঙে গেলেও নানা সময়ে তারা ট্যুরে একত্র হয়ে পারফরম করেছেন।

২০১৪ সালে রিউয়িচির ক্যান্সার ধরা পড়ে। গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। ২০২১ সালে ধরা পড়ে কোলন ক্যান্সার। রিউয়িচির মৃত্যুর এক সপ্তাহ আগে মারা যান ইয়েলো ম্যাজিক অর্কেস্ট্রার উকিহারো তাকাহাসি।

সূত্র: ভ্যারাইটি