নাট্যকার মাতিয়া বানু শুকুর গল্পে নির্মিত নাটকগুলো বরাবরই দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে আসছে। তারই লেখা গল্পে সম্প্রতি টেলিফিল্ম নির্মাণ করেছেন নির্মাতা মো. রবিউল শিকদার। টেলিফিল্মটির নির্মাণকাজ শেষ হয়েছে। রাজধানীর দিয়াবাড়ি, আব্দুল্লাহপুরসহ বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়।
‘ছাই চাপা আগুন’-এ দুটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু ও মৌসুমী হামিদ। শিল্পী সরকার অপু বলেন, ‘একজন নাট্যকার হিসেবে শুকু সমাদৃত। তার লেখা নাটকগুলোর মধ্যে বার্তা থাকে। ছাই চাপা আগুনেও ঠিক তেমনি বার্তা আছে। নিজের চরিত্রটিকে ফুটিয়ে তুলতে রোদের মধ্যে অনেক কষ্ট করে অভিনয় করেছি। মৌসুমীও চমত্কার অভিনয় করেছে। টেলিফিল্মটি ভালো লাগবে দর্শকের।’
নাটকের গল্পটি চমত্কার জানিয়ে নির্মাতা বলেন, ‘শিল্পীরা অনেক শ্রম দিয়ে কাজ করেছেন। যদিও কাজটি শেষ করতে আমার অনেক কষ্ট হয়েছে। তার পরও সম্পাদনা শেষে কাজটি দেখে আমি মুগ্ধ। আমার বিশ্বাস দর্শকের ভালো লাগবে।’
টেলিফিল্মটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, রিজভীনা মৌসুমী, আনোয়ার হোসেন প্রমুখ। আজ বেলা ৩টা ৫ মিনিটে টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে বলে জানান নির্মাতা রবিউল শিকদার।










