শনিবার রাত ছিল এমির প্রথম রাত। দুই দিনব্যাপী আয়োজিত হচ্ছে এ পুরস্কারের আসর। প্রথম রাতের সব আলো কেড়ে নিল দ্য লাস্ট অব আস। মোট আটটি পুরস্কার পেয়েছে সিরিজটি। এছাড়া পুরস্কারে এগিয়ে ছিল ‘‌দ্য হোয়াইট লোটাস’, ‘‌দ্য বিয়ার’ ও ‘দ্য ‌বিফ’। ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ড এবার অনেকটা নতুনভাবেই যেন ধরা দিল। তুলনামূলক দীর্ঘ ও আড়ম্বর ছিল এবারের আসরের প্রথম রাত।

দ্য লাস্ট অব আস মূলত এইচবিওর সিরিজ। টিভি সিরিজের মধ্যে এটি অন্যতম জনপ্রিয়। এবারের এমির আসরে সিরিজটি জিতল আটটি পুরস্কার। সম্ভাব্য প্রায় সব বিভাগেই জিতেছে এ সিরিজ। এর মধ্যে আছে ড্রামা সিরিজে অতিথি অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার। এটি পেয়েছেন যথাক্রমে নিক অফারম্যান ও স্টর্ম রিড। এছাড়া সিরিজটি জিতেছে সেরা ভিজুয়াল ইফেক্ট, পিকচার এডিটিং, সাউন্ড এডিটিং ও আরো কিছু টেকনিক্যাল ক্যাটাগরিতে।

এদিকে এফএক্সের দ্য বিয়ার, নেটফ্লিক্সের ওয়েডনেসডে ও এইচবিওর দ্য হোয়াইট লোটাস পেয়েছে চারটি করে পুরস্কার। অন্যদিকে নেটফ্লিক্সের দ্য বিফ পেয়েছে তিনটি পুরস্কার।

এমি এখন নানা বিভাগে পুরস্কার দেয়। তারা বিভাগ বাড়িয়েছে আগের তুলনায়। সে সূত্রেই কমেডি সিরিজের জন্যও আছে সেরা অতিথি চরিত্র। ‘‌পোকার ফেস’-এর জন্য কমেডি সিরিজে সেরা অতিথি অভিনেত্রী হয়েছেন জুডিথ লাইট ও ‘‌টেড লাসো’র জন্য পুরস্কারটি পেয়েছেন স্যাম রিচার্ডসন।

এবার যে কেবল এইচবিও ও নেটফ্লিক্স পুরস্কার ঘরে তুলেছে এমন নয়। ছিল অ্যামাজনের প্রাইম ভিডিও। এ প্লাটফর্মের ‘‌ডেইজি জোনস অ্যান্ড দ্য সিক্স’ জিতে নিয়েছে দুটি পুরস্কার। একই সংখ্যক পুরস্কার পেয়েছে ‘‌দ্য মার্ভেলাস মিসেস মেইজল’। এর মধ্যে ডেইজি জোনস পেয়েছে কস্টিউমের জন্য। পুরস্কারটি পেয়েছেন ডেনসি উইনগেট। সত্তরের দশকের পোশাক ডিজাইনে নিখুঁত হওয়ার কারণে তিনি এ পুরস্কার পান। পুরস্কার পেয়ে উইনগেট বলেন, ‘আমি জীবনের একটা সময় নকল আইডি নিয়ে নানা ক্লাবে ঘুরে বেড়াতাম। তাই এবার মনে হলো, জীবনের প্রথম সুযোগ পেয়ে একটা নিখুঁত কাজ করি।’

কাস্টিংয়ের জন্য এবার পুরস্কৃত হয়েছে দ্য হোয়াইট লোটাস। এ বিভাগে অন্যান্য সিরিজের সঙ্গে আরো ছিল এইচবিওর ‘‌সাকসেশন’ ও নেটফ্লিক্সের ‘‌দ্য ক্রাউন’। এদিকে দ্য বিফ মূলত একটি অ্যান্থোলজি। সিরিজটি নেটফ্লিক্সের। আর লিমিটেড এডিশন অ্যান্থোলজির কাস্টিংয়ের জন্য পুরস্কৃত হয়েছে বিফ। 

‘‌স্টান্ট’-এর জন্যও পুরস্কার দিয়েছে এমি। এবার সে পুরস্কার পেয়েছে ‘‌দ্য ম্যান্ডালোরিয়ান’। সিরিজটি নিয়ে দারুণ প্রশংসা আছে দর্শকমহলে। এবার তা থেকেই নতুন একটি বিভাগে পুরস্কার পেল। 

এমির প্রথম রাতের পুরস্কারের তালিকা আসলে এমনই। বিচিত্র বিভাগে বিচিত্র পুরস্কার দিয়েছে তারা। এ নিয়ে একটি নতুন ধারাই তৈরি হয়েছে বলা যায়। 

সূত্র: ভ্যারাইটি