আগামীকাল ঢাকার মঞ্চে ফের গাইবেন অঞ্জন দত্ত। এবার ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস ভলিউম ২’ নামের কনসার্টে অংশ নিচ্ছেন তিনি। অঞ্জন দত্তের এ কনসার্টের আয়োজক আর্কলাইট ইভেন্টস। এর ভেন্যু পূর্বাচলের ঢাকা এরিনা। অঞ্জনের সঙ্গে আরো গাইবে জনপ্রিয় ব্যান্ড কাকতাল ও সংগীতশিল্পী আহমেদ হাসান সানি।

আর্কলাইট ইভেন্টস ছাড়াও এ আয়োজনে আরো যুক্ত আছে অ্যাসেন ও জার্কুনিয়াম নামের দুটি প্রতিষ্ঠান। গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট, যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির মূল্য ৩ হাজার ৫০০ টাকা।

অঞ্জন দত্তের এবারের কনসার্ট কয়েকটি কারণে বিশেষ। তার জনপ্রিয় গান ‘মালা’ অনুসারে ১২ মে মালার জন্মদিন। মালাকে নিয়ে অঞ্জন দত্তের ভক্তদের উন্মাদনা আছে। তাই দিনটি তাদের জন্যও বিশেষ। তাই এ গানের জন্মদিনের আগের দিন কনসার্টটি করা হচ্ছে। এদিন সবাই অঞ্জনের সঙ্গে গলা মেলাবে। কনসার্ট শেষ হবে মালা গানটি দিয়ে। পাশাপাশি কেক কেটে এর জন্মদিন পালন করারও কথা আছে।

অঞ্জন দত্তের এ গান ১৯৯৩ সালে মুক্তি পায়। এ গানের সুর মৌলিক নয়, তা অঞ্জন নিজেই জানিয়েছেন বিভিন্ন সময়। পিটার সারস্টেডের ‘হোয়্যার ডু ইউ গো টু মাই লাভলি’ গান থেকেই জন্ম নিয়েছে মালা। মানে পিটারের গানের সুরে ভেসে এসেছিল যে চরিত্র, তার নাম মেরি। সেই একই সুরের ওপর অঞ্জন দত্ত নির্মাণ করেন মালাকে।

তার এ কনসার্ট আরো একটি কারণে বিশেষ। কেননা আজ ওটিটি ও বড় পর্দায় একযোগে মুক্তি পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত সিনেমা ‘চালচিত্র এখন’। সিনেমাটি নির্মাণ করা হয়েছে মৃণাল সেন পরিচালিত চালচিত্রকে ভিত্তি করে। এ সিনেমায় মৃণাল সেনের আদলে তৈরি কুনাল সেন চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন নিজে। আর চালচিত্রে তিনি ছিলেন অভিনেতা। মূলত চালচিত্র নির্মাণ, এ সময় মূল চরিত্রে তার অভিনয় ও শেখা নিয়ে যে গল্প তাকেই তুলে ধরেছেন অঞ্জন দত্ত। 

সিনেমাটির একটি প্রদর্শনী হয়েছিল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সে সময় ঢাকা এসেছিলেন অঞ্জন দত্ত। সিনেমার প্রদর্শনীর পাশাপাশি মাস্টারক্লাসও নিয়েছেন তিনি। দেশী-বিদেশী নানা সিনেমার পাশাপাশি তার এ সিনেমা প্রশংসা পেয়েছিল সবার কাছে। এবার সেটি মুক্তি পাচ্ছে। ভারতের প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্লাটফর্ম হইচইয়েও এখন দেখা যাবে চালচিত্র। বাংলাদেশের দর্শক সেখানেই দেখতে পারবেন সিনেমাটি।