বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। বহু সিনেমায় অনবদ্য অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সিনেমার একজন সুপারস্টার হয়েও চলাফেরায় অতি সাধারণ ও বিনয়ী মিম সদা হাস্যোজ্জ্বল। দীর্ঘদিনের অভিনয়জীবনে কর্মক্ষেত্রে তাকে নিয়ে কখনো কারো কোনো অভিযোগ ছিল না। আদ্যোপান্ত কাজপ্রেমী একজন নায়িকা প্রবহমান সময়কে যথাযথভাবে কাজ লাগানোরই চেষ্টা করে এসেছেন সবসময়। জন্মদিনেও কাজে ফাঁকি দেননি তিনি। হারল্যানের একটি প্রমোশনে অংশগ্রহণ করেন তিনি।
মিম জানান, তিনি ‘সেইলর’-এর একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পাশাপাশি ফটোশুটেও অংশগ্রহণ করেছেন। প্রত্যেকের জীবনেই বিশেষ দিবসের গুরুত্ব রয়েছে। তারকা হলে যেন সে বিশেষ দিনের গুরুত্ব আরো বেড়ে যায়। গতকাল ছিল এ নায়িকার জন্মদিন। এ নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ‘জন্মদিন আসার আগে থেকেই একটা ভালো লাগার অনুভূতি কাজ করা শুরু করে মনের ভেতর। আমার প্রিয় কিছু মানুষ আছেন, যারা আমার এ দিনকে ঘিরে নানা ধরনের পরিকল্পনা করতে থাকেন, আমাকে সারপ্রাইজ দেন। সেক্ষেত্রে অবশ্যই আমার পরিবার সবার আগে অর্থাৎ আমার বাবা-মা আর সনি। এছাড়া আমার ভক্তরা তো রয়েছেই। তো দেখা যায় যে নানা ধরনের অপ্রত্যাশিত আয়োজনের মুহূর্ত সামনে চলে আসে। আমি বিস্মিত হই, আনন্দিত হই। মুহূর্তগুলো হয়ে ওঠে স্মরণীয়। ঈশ্বরের প্রতি অসীম কৃতজ্ঞতা আমি এমন এক পরিবারে জন্ম নিয়েছি যে পরিবার আমাকে তার সবটুকু দিয়ে সবসময় আমাকে আগলে রাখে। তাদের সবটুকু ভালোবাসা দিয়ে আমাকে একজন পরিপূর্ণ মানুষ করার চেষ্টা করেছেন, আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। ঈশ্বরের কাছে একটাই চাওয়া, তিনি যেন আমার বাবা-মাকে সুস্থ রাখেন। জন্মদিনে এই কামনা, আমি যেন ভালো ভালো কাজ দর্শককে উপহার দিতে পারি।’










