নতুন বছরে শুটিং সেটেই ‘ঠোকর’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মানসী প্রকৃতি। মাজহার বাবু সিনেমাটি পরিচালনা করবেন। এ সিনেমার মধ্য দিয়েই পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ হবে। বর্তমানে মানসী ‘অগ্নিশিখা’ সিনেমায় শুটিং করছেন। এ সিনেমার সেটেই অভিনেত্রী তার ষষ্ঠ সিনেমা ঠোকরের চুক্তি সম্পন্ন করেছেন। এতে মানসীর বিপরীতে কাকে দেখা যাবে, সেটি এখনো সিদ্ধান্ত না হলেও নির্মাতা জানিয়েছেন শিগগির তা জানানো হবে।
নতুন সিনেমাটি নিয়ে মানসী প্রকৃতি বলেন, ‘এক সিনেমার শুটিংয়ের সময় নতুন আরেক সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া আমার জন্য নিঃসন্দেহে ভালো লাগা। এটা দারুণ অভিজ্ঞতা। ঠোকর সিনেমাটির গল্পটা অন্য রকম আর চরিত্রগুলোর মধ্যে চার্ম আছে। যেভাবে পরিকল্পনা করা হচ্ছে, সেভাবে কাজটি শেষ হলে ভালো কিছু হবে বলেই প্রত্যাশা করছি। বাবু ভাইয়ের প্রথম সিনেমায় আমাকে ভাবার জন্য তার প্রতি কৃতজ্ঞতা। সব মিলিয়ে আমি আশা করছি বেশ সুন্দর কিছু হবে।’
পরিচালক মাজহার বাবু তার প্রথম সিনেমা প্রসঙ্গে বলেন,
‘সময়ের পরিবর্তনে দর্শকের রুচিরও ব্যাপক পরিবর্তন হয়েছে। তাদের ভাবনা মাথায় নিয়ে নিজের প্রথম সিনেমায় ভিন্নধর্মী একটি গল্প বেছে নিয়েছি। তবে গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। গতানুগতিকতার বাইরের একটি সিনেমা দেখতে পাবে দর্শক। দুই যুগ ধরে সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত আছি। আশা করছি,
দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারব। সবকিছু ঠিক থাকলে শিগগিরই সিনেমার নির্মাণ কাজ শুরু হবে। এতে আরো কারা অভিনয় করছেন,
সেটিও আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
মডেলিং ও নাটকের মধ্য দিয়ে মানসী প্রকৃতির রুপালি জগতে যাত্রা হয়। জেসমিন আক্তার নদী পরিচালিত ‘জল শ্যাওলা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। এরপর মুক্তি পায় ‘শেষ কথা’ নামের আরো একটি সিনেমা। চলতি বছরে মুক্তির অপেক্ষায় আছে ‘দুই ঘণ্টা দশ মিনিট’। অন্যদিকে গত বছরের শেষে ‘অগ্নিশিখা’ সিনেমার শুটিং শুরু করেছেন এ অভিনেত্রী। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ।










