জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ২০১৯ সালে তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম সিনেমায়ই পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

টিভি পর্দায় প্রথমবারের মতো তিনি অভিনয় করেন ‘শূন্য থেকে শুরু’ নাটকে। ২০২২ সালে তাহসানের সঙ্গে অভিনীত নাটকটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এরপর রাগীব রায়হানের পরিচালনায় ‘দাবাঘর’ নাটকে ইরফান সাজ্জাদের সঙ্গে অভিনয় করে সুনেরাহ আবারো টিভি পর্দায় ফিরে আসেন। বর্তমানে তিনি নিয়মিতভাবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করছেন।

এবার সুনেরাহ প্রথমবারের মতো ধারাবাহিক নাটকে যুক্ত হলেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ফ্যামিলি সিরিজ ‘এটা আমাদের গল্প’-এ তিনি সায়রা চরিত্রে অভিনয় করবেন। সম্প্রতি ধারাবাহিকের লুক প্রকাশ করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে, ‘একটি পারিবারিক সিরিজ। পরিবারে শুরু, পরিবারেই শেষ।’

নির্মাতা মোস্তফা কামাল রাজ এ ধারাবাহিকের গল্প লিখেছেন এবং পরিচালনা করছেন। এর আগে তিনি ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’, ‘গ্র্যাজুয়েট’, ‘মাইক’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন। গত রোজার ঈদে তার নাটক ‘এটা তোমাদের গল্প’ প্রশংসিত হয়। সুনেরাহর লুক প্রকাশের মাধ্যমে নির্মাতা আনুষ্ঠানিকভাবে নতুন ধারাবাহিকের সূচনা ঘোষণা করেছেন। ধারাবাহিকে আরো অভিনয় করবেন খায়রুল বাশার, বাকি অন্য অভিনয়শিল্পীদের নাম ধাপে ধাপে প্রকাশ করা হবে।

নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি সিনেমায়ও কাজ করছেন সুনেরাহ। এ বছর রোজার ঈদে তাকে ‘দাগি’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে দেখা গেছে শিহাব শাহীনের পরিচালনায়। সর্বশেষ, গত কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত তানিম নূরের ‘উৎসব’ সিনেমায় অতিথি চরিত্রে উপস্থিত ছিলেন তিনি। স্ক্রিনে কম উপস্থিতি থাকা সত্ত্বেও দুটি সিনেমায়ই সুনেরাহর অভিনয় প্রশংসিত হয়েছে।