এমন সুসময় হিন্দি সিনেমার কপালে সাম্প্রতিক অতীতে আর জুটেনি। মুক্তির দ্বিতীয় দিনে ১০০ কোটি ক্লাবে ঢুকে পড়ছে কোনো ছবি। আর সেটা হচ্ছে শাহরুখ খানের কল্যাণে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

গতকাল বুধবার (২৫ জানুয়ারি) ধামাকা ওপেনিং পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। এর মাধ্যমে বলিউডে সূচনা হয়েছে ইয়াশরাজ ফিল্মসের নতুন উদ্যোগ স্পাই ইউনিভার্সের।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের প্রাথমিক ধারণা অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘পাঠান’-এর নেট আয় সাড়ে ৫২ কোটি রুপি, যা গ্রস হিসেবে ৬২ কোটি রুপির বেশি। তবে চূড়ান্ত অঙ্কের জন্য আরেকটু সময় অপেক্ষা করতে হবে।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভারতজুড়ে চলছে প্রজাতন্ত্র দিবসের ছুটি। বিশ্লেষকরা বলছেন, এদিনে মুক্তি পেলে বক্স অফিস হিসাব হয়তো আরও মোটাতাজা হতো।

চূড়ান্ত হিসাব না আসা পর্যন্ত বলিউডে ‘পাঠান’-এর প্রতিদ্বন্দ্বী হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার’ (৫৩.৩ কোটি) ও আমির খানের ‘থাগস অব হিন্দুস্তান (৫২ কোটি রুপি)। এ ছাড়া কন্নড় ‘কেজিএফ টু’র ডাব সংস্করণ (৫৩.৯ কোটি রুপি) রয়েছে প্রতিযোগীর তালিকায়।

তবে প্রথমদিনের আয় যতই হোক ‘পাঠান’ যে দ্বিতীয় দিনে ১০০ কোটি ক্লাবে ঢুকে পড়বে তা নিশ্চিত। আজ সকালেও প্রথমদিনের মতো উন্মাদনা চোখে পড়ছে ভারতের হলগুলোতে।

এর আগে শাহরুখের বড় ওপেনিং ছিল ‘হ্যাপি নিউ ইয়ার’ (৪৪ কোটি রুপি)। ওই ছবি পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। কিন্তু এখন পর্যন্ত ‘পাঠান’-এর প্রায় সব রিভিউ পজিটিভ। সামনের সপ্তাহান্ত পর্যন্ত কিং খান পর্দায় একাই খেলবেন সেটা বোঝা যাচ্ছে।

‘পাঠান’-এ আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। ভিলেন চরিত্রে আছেন জন আব্রাহাম। এছাড়া দীর্ঘ ক্যামিওতে দেখা গেছে ‘টাইগার’ সালমান খানকে।