চারদিকে যখন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে মুখর সাধারণ মানুষ, তখন বর্তমান সামাজিক প্রেক্ষাপটে নারীর আত্মরক্ষার বিষয়টিকে উপজীব্য করে নির্মিত হলো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নীলু’। ইউটিউবে প্রচারের পর থেকে বেশ সাড়া ফেলেছে স্বল্পদৈর্ঘ্যটি। নীলু একটি অ্যাকশনধর্মী চরিত্র। সে একজন তায়কোয়ান্দো প্রশিক্ষক। নিজেদের আত্মরক্ষার্থে নারীদের তায়কোয়ান্দো শেখায়। নীলু চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। স্বল্পদৈর্ঘ্যটি রচনা ও নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

এর আগে এ ধরনের অ্যাকশনধর্মী চরিত্রে মমকে দেখা যায়নি। এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘নীলু প্রতিরোধ আত্মরক্ষার। চলচ্চিত্রটি অবমুক্ত হওয়ার পর থেকে অনেকেই আমাকে অভিনন্দন জানাচ্ছেন। ভিকি জাহেদের সঙ্গে এটি আমার প্রথম কাজ। কাজ ভালো হওয়া অনেকখানি নির্ভর করে শিল্পী ও পরিচালকের মধ্যে টিম ওয়ার্কের ওপর। তাই নীলুর পুরো কৃতিত্ব নীলুর পুরো টিমের।’

এদিকে মম সম্প্রতি সাগর জাহানের নির্দেশনায় শেষ করেছেন ‘মন দরজা’ নাটকের কাজ। এতে তার বিপরীতে আছেন মোশাররফ করিম।