দ্য রকখ্যাত ডোয়াইন জনসনকে ছোটভাই সম্বোধন করে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজিতে তাকে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন ভিন ডিজেল। নিজেদের পুরনো একটি ছবি পোস্ট শেয়ার করে ভিন ডিজেল লিখেছেন, ‘হবস চরিত্রটি অন্য কারো পক্ষে করা সম্ভব নয়।’
সর্বশেষ ২০১৭ সালের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির দ্য ফেট অব দ্য ফিউরিয়াস সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল ডোয়াইন জনসন ও ভিন ডিজেলকে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির লুক হবস চরিত্রে অভিনয় করেছেন জনসন। ২০১৬ সালে দ্য ফেট অব দ্য ফিউরিয়াস সিনেমার শুটিং সেটে বিতর্কে জড়িয়ে পড়েন রক ও ডিজেল। এর পরই ইনস্টাগ্রামের ভেরিফায়েড অ্যাকাউন্টে রক একটি ছবি পোস্ট করে লেখেন, কিছু পুরুষ (সহশিল্পী) আছেন, যারা বেশ দৃঢ়চেতা এবং সত্যিকার পেশাদার মানুষের মতো আচরণ করেন আর কিছু আছেন যারা তা করেন না। ভিন ডিজেলকে উদ্দেশ্য করে লেখা পোস্টটি পরে ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি ফ্র্যাঞ্চাইজিতে তাদের চরিত্র ডোমিনিক টোরেট্টো ও লুক হবসের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ডোয়াইন জনসনের উদ্দেশে একটি নোট লিখেছেন ভিন ডিজেল। সেখানে তিনি ডোয়াইন জনসনকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১০-এ ফিরে আসার অনুরোধ করেন। তিনি আরো লেখেন, এর মধ্য দিয়ে তারা এ ফ্র্যাঞ্চাইজির গন্তব্যে পৌঁছতে পারবেন।
এ অভিনেতা লেখেন, ‘আমার ছোটভাই ডোয়াইনূসময় এসে গেছে। বিশ্ব ফাস্ট ১০-এর অপেক্ষায়। আপনি তো জানেন, আমার সন্তানরা আপনাকে আঙ্কেল ডোয়াইন হিসেবে জানে। এমন কোনো উৎসবের দিন ছিল না যেদিন আপনি তাদের শুভেচ্ছা জানাননি এবং তারা আপনাকে পাল্টা ভালোবাসা জানায়নি।ূআবার এসেছে সেই সময়। কিংবদন্তি অপেক্ষা করছে। আমি প্রতিজ্ঞা করেছিলাম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির শেষ ছবিটি হবে সেরা।’
ডিজেল আরো লিখেছেন, ভালোবাসার জায়গা থেকে বলছূিআপনাকে আসতেই হবে। ফ্র্যাঞ্চাইজি ছাড়বেন না। কারণ অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন আপনি। হবস চরিত্রটি আর কেউ ফুটিয়ে তুলতে পারবে না।
এদিকে কিছুদিন আগেও হলিউড রিপোর্টারকে দেয়া সাক্ষাত্কারে ডোয়াইন জনসন বলেছেন, বিষয়টি নিয়ে আর কথা বলতে চাই না। তাদের ভালো চাই। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস টেন এবং পরবর্তী সব কিস্তির জন্য তাদের শুভকামনা জানাই, যেগুলোতে আমি থাকছি না।
২০২৩-২৪ সালে মুক্তি পাবে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত কিস্তি।
সূত্র: পিংকভিলা










