ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ আরশ খান ও সামিরা খান মাহি। এবার তারা জুটি হয়ে আসছেন ইশতিয়াক আহমেদ পরিচালিত নতুন নাটক ‘মন খারাপের দিনে’-তে। ভিন্নধর্মী গল্প, সমসাময়িক সামাজিক বার্তা ও টানটান উত্তেজনার ঘটনাপ্রবাহে সাজানো এ নাটকে তারা হাজির হয়েছেন অরনী ও মিরাজ চরিত্রে।
গল্পে দেখা যাবে—এলাকার বখাটে তরুণ তারিকুলের হয়রানির শিকার হয় অরনী। নানা কৌশলে তার কাছাকাছি যেতে চাইলেও দৃঢ়ভাবে তাকে উপেক্ষা করে মেয়েটি। কিন্তু এ উপেক্ষা আরো ক্ষুব্ধ করে তারিকুলকে। বিপাকে পড়ে অরনী—বখাটেকে ঠেকাতেও পারে না, আবার বাবার কাছেও কিছু বলতে পারে না।
এমন সময় নতুন এক চরিত্র মিরাজের আগমন ঘটে। আইটি এক্সপার্ট এই যুবককে তারিকুল টাকার লোভ দেখিয়ে অরনীর সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক করতে বলে, যাতে মেয়েটির প্রতিটি পদক্ষেপ নজরে রাখা যায়। কিন্তু হ্যাকিংয়ের কাজ করতে গিয়ে মিরাজের মন গলে যায় অরনীর প্রতি। তার নিরুপায় অবস্থায় সহানুভূতি জন্মায় মিরাজের মনে। এদিকে প্রতিশোধস্পৃহায় উন্মত্ত হয়ে ওঠে তারিকুল।
তখন প্রশ্ন জাগে—অরনী কী করবে? মিরাজ কি তাকে রক্ষা করতে পারবে, নাকি প্রতারণার নতুন অধ্যায় শুরু হবে?
এ প্রশ্নগুলোর উত্তর মিলবে আশা মাল্টিমিডিয়া প্রযোজিত নাটক ‘মন খারাপের দিনে’-তে। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ, গল্প ও চিত্রনাট্য দুটোই তার। এতে আরো অভিনয় করেছেন রওনক রিপন, খলিলুর রহমান কাদেরী, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, রাজু আহসান, জ্যাক সজলসহ অনেকে।
নাটকের সংগীতে রয়েছেন তাসনুভ, আর নিজের সুরে গান গেয়েছেন লুৎফর হাসান। প্রধান সহকারী পরিচালক আজহারুল ইসলাম অভি।
প্রযোজনা প্রতিষ্ঠান আশা মাল্টিমিডিয়ার কর্ণধার আকাশ রহমান বলেন, ‘আমরা এটিভি ইউএসএর মাধ্যমে বাংলা নাটককে আমেরিকাসহ বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চাই। “মন খারাপের দিনে” আমাদের সেই প্রচেষ্টারই প্রথম পদক্ষেপ। দর্শক ভালো গল্প ও সামাজিক বার্তা দুটোই পাবেন এতে। সহযোগিতা পেলে আমরা নিয়মিত মানসম্পন্ন নাটক উপহার দিতে চাই।’
ঢাকা ও ঢাকার বাইরে চিত্রায়িত ‘মন খারাপের দিনে’ নাটকটি অবমুক্ত হবে এটিভি ইউএসএর ইউটিউব চ্যানেলে।










