প্যারিস থেকে উড়োজাহাজে লন্ডনে যাচ্ছিলেন জেন বারকিন। তার পাশের আসনেই ছিলেন ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড হার্মেসের প্রধান নির্বাহী জ্যঁ-লুই দুমা। জেন বারকিন মাথার ওপরের কমপার্টমেন্টে তার বেতের তৈরি ব্যাগটি রাখতে যাচ্ছিলেন। এমন সময় ব্যাগের ভেতরের জিনিসপত্র ডেকে ছড়িয়ে পড়ে। তাকে হামাগুড়ি দিয়ে সেগুলো কুড়িয়ে নিতে হয়েছিল। তখন জেন বারকিন দুমাকে বলেছিলেন যে পছন্দ মতো চামড়ার তৈরি কোনো ব্যাগ তিনি খুঁজে পাচ্ছেন না। ঘটনাটি ১৯৮৪ সালের। জেন বারকিনের এ কথা দুমাকে অনুপ্রাণিত করে। তিনি একটি চমৎকার ও শৌখিন লেদার ব্যাগের ডিজাইন করে ফেলেন। বর্তমানে এমন একটি ব্যাগ থাকা প্রায় সব সেলিব্রিটির স্বপ্ন। এটি স্ট্যাটাস সিম্বলে পরিণত হয়েছে। বিলাসবহুল এ ব্যাগের দাম সর্বনিম্ন ১০ হাজার ডলার ও সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত। বারকিন ব্যাগ নামেই এটি পরিচিত।

১৬ জুলাই মারা গেছেন ব্রিটিশ গায়িকা ও অভিনেত্রী জেন বারকিন। তিনি বসবাস করতেন ফ্রান্সে। সেখানে তিনি রীতিমতো আইকনে পরিণত হয়েছিলেন। 

একটি বারকিন ব্যাগ বানাতে দক্ষ কারুশিল্পীদের ন্যূনতম ১৮ ঘণ্টা সময় লাগে। প্রতিটি ব্যাগে একটি কোড লাগানো থাকে। সেখানে ব্যাগটি তৈরির তারিখ, কোন কারখানায় এটি তৈরি হয়েছে ও কারিগরের নাম উল্লেখ থাকে। হার্মেসের ব্যাগগুলোর মধ্যে বারকিন ব্যাগের চাহিদাই সবচেয়ে বেশি। এতে দুটি হাতল, একটি ফ্ল্যাপ টপ ও একটি লক আছে। তবে বাজারে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু বারকিন ব্যাগ জনপ্রিয় হয়নি। বর্তমান শতাব্দীর শুরু থেকে বারকিন ব্যাগের জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়ে আজকের অবস্থানে পৌঁছেছে। ২০০১ সালের আগস্টে জনপ্রিয় সিরিজ ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’র একটি দৃশ্যে স্ট্রাটোস্ফিয়ারে একটি বারকিন ব্যাগ পাঠানোর ঘটনা দেখানো হয়েছিল। তখন সিরিজটির চরিত্র সামান্থা জোনস অবিস্মরণীয় উক্তিটি করেছিলেন, ‘এটি ব্যাগ নয়, এটি তো বারকিন!’ তার পর থেকেই বিলাসবহুল ব্যাগটির জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যায়। 

বারকিন ব্যাগের দাম অনেক বেশি। তার সঙ্গে পাল্লা দিয়ে এর চাহিদাও বেড়েছে। তাই একে বলা হয় ‘ভেবলেন গুড’। অর্থনীতির ভাষায়, যে পণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদাও বাড়ে, সেটিকে ‘ভেবলেন গুড’ বলা হয়। ব্যাগহান্টারের তথ্য অনুসারে, ৩৫ বছরে বারকিন ব্যাগের দাম ৫০০ শতাংশ বেড়েছে। ২০২০ সালে এক নিলামে বারকিন ব্যাগের একটি মডেল ৪ লাখ ৩৭ হাজার ৩৩০ ডলারে বিক্রি হয়ে রেকর্ড গড়েছিল। এটিই এখন পর্যন্ত কোনো নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া হাতব্যাগ।

সূত্র: লাইভমিন্ট ডটকম