শিগিরই মুক্তি পেতে যাচ্ছে বলিউড তারকা জন আব্রাহাম অভিনীত এক ভিলেন সিনেমার পরবর্তী সিক্যুয়েল এক ভিলেনের রিটার্নস। ২০১৮ সালে সত্যমেব জয়তে থেকেই অভিনয়ের জন্য তিন গুণ পারিশ্রমিক নিতেন জন আব্রাহাম। তবে এবারই প্রথম সাজিদ খানের পরবর্তী সিনেমায় নিজের পারিশ্রমিক ৩ কোটি রুপি কমিয়েছেন এ অভিনেতা। মূলত প্রতি সিনেমার জন্য ২১ কোটি রুপি নিতেন জন। সাজিদ খানের কমেডি সিনেমাটির জন্য প্রথমে ২১ কোটি রুপি দাবি করলেও পরে ১৮ কোটি রুপিতেই কাজ করার সিদ্ধান্ত দেন এ অভিনেতা।

মুম্বাই সাগা ও সত্যমেব জয়তে টু সিনেমা দুটি বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। পরবর্তী সময়ে জন আব্রাহামকে পারিশ্রমিক কমিয়ে কাজ করার জন্য অনেক পরিচালকই প্রস্তাব দিয়েছিলেন। তারা জনকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক দিতে চাইলে রাজি হননি তিনি। পরে পারিশ্রমিক কমিয়ে ১৮ কোটি রুপিতে কাজ করার জন্য একমত হয়েছেন এ বলি তারকা।

দীর্ঘদিনের ক্যারিয়ারে এই প্রথমবার একজন প্রযোজককে ছাড় দিয়েছেন তিনি। জন মনে করেন, মহামারী সিনেমা বাজারে প্রভাব ফেলেছে। এ সময়ে সবার পাশে থাকা দরকার। এ ভাবনা থেকেই নিজের কাজের পারিশ্রমিক কমিয়েছেন জন। সাজিদ খানের কমেডি সিনেমাটির নাম এখনো ঠিক করা না হলেও কাজ থেমে নেই। এতে রিতেশ দেশমুখকেও দেখা যাবে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই লন্ডনে কাজ শুরু হবে এ সিনেমার। 

লন্ডনেই তিন মাস শুটিং চলবে। তবে নতুন কাজ শুরুর আগে জন আব্রাহাম অন্য দুই বলি তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে পাঠানের শুটিং শেষ করবেন।

 

সূত্র: বলিউড হাঙ্গামা