দেশের অন্যতম নাট্যদল তীরন্দাজ রেপার্টরি বছরের শুরুতেই মঞ্চে আনছে তাদের আলোচিত নাটক কণ্ঠনালীতে সূর্য। আজ বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৭টায় এ নাটকের প্রদর্শনী হবে। এটি এ নাটকের ৪১তম প্রদর্শনী।
কণ্ঠনালীতে সূর্য তীরন্দাজের ষষ্ঠ প্রযোজনা। নাটকটির রচয়িতা মোহিত চট্টোপাধ্যায় এবং মঞ্চে নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। এ নাটকের গল্প নিয়ে দীপক সুমন জানান, পৌরাণিক কাহিনীকে মাথায় রেখে মূলত এ নাটক লিখেছেন মোহিত চট্টোপাধ্যায়। নাটকের কাহিনী গড়ে উঠেছে এক আগন্তুককে ঘিরে। একদিন সে আগন্তুক এক চিকিৎসালয়ে এসে জানান, তার কণ্ঠনালীতে সূর্য আটকে গেছে। বহুকাল ধরে তিনি তা বহন করছেন। তিনি সূর্যটি বের করতে চান বা চিরকালের জন্য হৃৎপিণ্ডে রেখে দিতে চান। এমন অদ্ভুত সমস্যার কথা আগে শোনেনি কেউ। তাই আগন্তুককে নিয়ে হাসি-তামাশা করতে থাকে চিকিৎসালয়ে আসা অন্য দুই চরিত্র মিলু ও সমীর। তবে আগন্তুক তাতে দমে না গিয়ে নিজের কণ্ঠনালীতে আটকে থাকা সূর্যের একটা ফয়সালা করতে চান। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।
নাটকে আগন্তুক চরিত্রে দীপক সুমন, ‘মিলি’ চরিত্রে মিতালী দাস, ‘ডাক্তার’ চরিত্রে কাজী তৌফিকুল ইসলাম ইমন, ‘সমীর’ চরিত্রে শফিকুল ইসলাম অভিনয় করছেন। নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন কাজী রাকিব, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, পোশাক পরিকল্পনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন এবং সংগীত পরিকল্পনায় আছেন রিফাত আহমেদ নোবেল।
তীরন্দাজের নির্বাহী সম্পাদক কাজী রাকিব বলেন, ‘প্রতীকী নাটকের মাধ্যমে আমরা সাম্প্রতিক বাস্তবতার কথা তুলে ধরেছি। আমরা এখন নানা ধরাবাঁধা নিয়মের মধ্যে গণ্ডিবদ্ধ জীবনযাপন করছি। অসত্য, অন্যায়ে ছেয়ে গেছে চারপাশ। আমরা সত্য বলতে চাই। কিন্তু কণ্ঠনালীতে এসে আটকে যায় সেসব কথা। এ নাটকে আমরা সত্য উদ্ঘাটনের কথা বলতে চেয়েছি।’
কণ্ঠনালীতে সূর্য প্রথমবার মঞ্চায়ন করা হয় ২০১৩ সালে। নাটকটি প্রথম প্রদর্শনী দিয়েই নাট্যপ্রেমীদের আলোচনায় আসে। এরপর নিয়মিত শো হলেও সাত বছর নাটকটির কোনো প্রদর্শনী হয়নি। সাত বছরের বিরতি ভেঙে গত বছরের ডিসেম্বরে তীরন্দাজ রেপার্টরি মঞ্চায়ন করে নাটকটি। আর দুই মাসের ব্যবধানে আজ ফের মঞ্চে আসছে কণ্ঠনালীতে সূর্য।










