ঢাকার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এর নদীর ইতিহাস। নদীর কথা বলতেই সবার আগে আসে বুড়িগঙ্গার কথা। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা এ নগরীর চারপাশে আরো তিনটি বড় নদী থাকলেও আদিকাল থেকেই ঢাকার সঙ্গে মিশে আছে এ নদী। বুড়িগঙ্গাসহ ঢাকার কয়েকটি নদীর ইতিহাস ও ঐতিহ্যের খোঁজে ঢাকায় আসা অর্ধশতাধিক বিদেশী শিক্ষার্থীর চিত্রকর্ম নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে এক চিত্র প্রদর্শনী ও কর্মশালা।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে ‘‌পুরান ঢাকা থেকে শিক্ষা: বুড়িগঙ্গা নদীর তীরে পেশার নগরায়ণ’ শীর্ষক দুই সপ্তাহের প্রদর্শনী ও কর্মশালা। শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রদর্শনীটির উদ্বোধন করেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, মুম্বাই, ত্রিভেন্দ্রম ও প্যারিসের আর্কিটেকচার স্কুলের অর্ধশতাধিক স্থাপত্য শিক্ষার্থী ও শিক্ষক এ আয়োজন শুরু হয়েছে। পুরান ঢাকার আটটি নদীর ঘাটে শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ঢাকার বিপন্ন ঐতিহ্য, অর্থনীতি ও সংস্কৃতির মতো বিষয়গুলো অনুসন্ধানের জন্য কাজ করতে যাচ্ছেন। এ কর্মশালা এবং প্রদর্শনীতে শিক্ষার্থীরা পুরান ঢাকার অঙ্কন, মানচিত্র, স্কেচ, পর্যবেক্ষণ এবং আলোকচিত্র প্রদর্শন করবেন। এছাড়া এ আয়োজনে পুরান ঢাকার ঐতিহ্য সম্পর্কে চিন্তা ও কৌতূহল জাগিয়ে তুলতে প্রকল্পটি অনুসরণ করে বেশ কয়েকটি সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হবে। প্রদর্শনীটি চলবে ২০ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।