বিয়ের পর প্রথম ঈদ মেহজাবীন চৌধুরীর। এবারের ঈদে তারকাদের অসংখ্য নাটক থাকলেও মাত্র একটি নাটকে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে। নির্মাতা প্রবীর রায় চৌধুরীর বেস্ট ফ্রেন্ড ২.০ নাটকটি ঈদের দিন সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। এটি ভালোবাসা দিবসে মুক্তির কথা থাকলেও পিছিয়ে ঈদে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়।
ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক নাটকের জন্য আলাদা পরিচিতি পান মেহজাবীন। ধীরে ধীরে রোমান্টিক চরিত্রের গণ্ডি ছাড়িয়ে বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। মাঝখানে তিন বছরের বেশি তাকে রোমান্টিক নাটকে দেখা যায়নি।
এক পর্যায়ে মেহজাবীনের অনুরাগীরা রীতিমতো দাবি তুলেছিলেন, মেহজাবীনকে রোমান্টিক নাটকে চাই। এর মধ্যেই মেহজাবীন চৌধুরী ও ফারহান আহমেদ জোভান জুটিকে নিয়ে বেস্ট ফ্রেন্ড ২.০-এর ঘোষণা দেন নির্মাতা প্রবীর রায় চৌধুরী।
২০১৮ সালে বেস্ট ফ্রেন্ড নাটকে প্রথমবার প্রবীর রায় চৌধুরীর সঙ্গে কাজ করেন মেহজাবীন চৌধুরী। নাটকটি আলোচিত হয়েছিল। পরে ‘বেস্ট ফ্রেন্ড ২’ ও ‘বেস্ট ফ্রেন্ড ৩’ তৈরি করেন নির্মাতা।
বেস্ট ফ্রেন্ড ২.০-এর গল্পে দেখা যাবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী শুভ্র (জোভান) ও পুষ্পিতা (মেহজাবীন চৌধুরী) বড় অভিনয়শিল্পী হওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নের পিছু ছুটতে গিয়ে বন্ধুত্বের সম্পর্কটা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়? জানতে নাটকটা দেখতে হবে। এ নাটকে আবারো মেহজাবীন ও জোভান জুটিকে নেয়ার বিষয়ে প্রবীর রায় চৌধুরী জানান, শুরু থেকেই বেস্ট ফ্রেন্ডে জুটি হিসেবে আছেন তারা। তাদের বাইরে গল্পটা ভাবতে পারেন না তিনি। পাশাপাশি দর্শকের প্রত্যাশার কথাও জানালেন।
প্রবীর রায় বলেন, ‘গতবারের চেয়ে এবারের বেস্ট ফ্রেন্ডের আয়োজনটা বড়। গল্পটাও বড়। গল্পে বন্ধুত্বের পাশাপাশি পারিবারিক বোঝাপড়াটাও থাকছে।’










