বিনোদন অঙ্গনের পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা। বর্তমানে দেশের সিনেমা ছাড়িয়ে অপার বাংলায়ও ব্যস্ত এ অভিনেত্রী। সম্প্রতি টলিউডের সিনেমা ‘মায়া’র ট্রেলার প্রকাশ হয়েছে। এ সিনেমায় কলকাতার ১৮ জন শিল্পীর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন মিথিলা। মায়ার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে ঢাকার এ অভিনেত্রীকে। ট্রেলারে সিনেমাটি মুক্তির তারিখ না জানালেও আগামী মাসেই সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে চলেছে, তার আগাম জানান দেয়া হয়েছে। রাজর্ষি দে পরিচালনায় সিনেমাটি উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেছেন। ট্রেলার থেকে স্পষ্ট মায়ার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিথিলাকে। একেবারে অন্য রকম লুকে দেখা দিয়েছেন মিথিলা। সবচেয়ে বেশি নজর কেড়েছে মিথিলার হিন্দি বলা। একেবারে সাবলীলভাবেই হিন্দিতে নিজেকে ফুটিয়ে তুলেছেন এ অভিনেত্রী।
২০২১ সালে এ সিনেমা দিয়েই টলিউডে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন মিথিলা। মায়ার ৭০ ভাগ সংলাপই হিন্দি ভাষায় ছিল এ অভিনেত্রীর। হিন্দি ভাষায় অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, ‘আমি এমনিতেই হিন্দি ভালো বলতে পারি। তাই খুব একটা প্র্যাকটিস করতে হয়নি। এর আগে ‘একাত্তর’ নামের একটি সিরিজেও হিন্দি ভাষায় অভিনয় করেছি। তবে এবারের পরিধিটা বেশ বড় ছিল। আমি আনন্দ নিয়েই কাজটি করেছি। ভারতে আমার যে বন্ধুরা ভালো হিন্দি বলতে পারে, তারা বলেছে আমি ঠিকঠাক কাজটি করতে পেরেছি। আমার কাছেও তাই মনে হচ্ছে। বাকিটা বলবেন দর্শক-সমালোচকরা।’
এ সিনেমায় আরো অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা ব্যানার্জি, দেবলীনা কুমার, কমলেশ্বর মুখার্জি, রিচা শর্মা প্রমুখ। ট্রেলার প্রকাশ হতেই নেটিজনদের প্রশংসা পাচ্ছেন মিথিলা। নিজেকে ভিন্নভাবে সবসময় উপস্থাপন করছেন মিথিলা। এছাড়া কিছুদিন আগেই ভারতের জনপ্রিয় রেডিও স্টেশন রেডিও মিরচির জনপ্রিয় অনুষ্ঠান ‘সানডে সাসপেন্স’-এর একটি গল্পে কণ্ঠ দিয়ে অভিনয় করেছেন মিথিলা। শমীতা দাশগুপ্তর লেখা গল্প ‘মৌমাছির শোক’-এ কণ্ঠ দিয়েছেন এ অভিনেত্রী। অসাধারণ ও রোমাঞ্চকর এ গল্পে রোকসানা চরিত্রটি করেছেন মিথিলা।










