মিশা সওদাগরকে কে না চেনে। মূলত বাংলা সিনেমার খলনায়ক হিসেবেই তিনি পরিচিত। তবে তার আছে আরো পরিচয়। তিনি শিল্পীদের সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, দায়িত্ব পালন করেছেন। খল চরিত্রের পাশাপাশি নানা ধরনের চরিত্রেই ভালো অভিনয় করেছেন। অভিনেতা হিসেবে তিনি আলাদা মনোযোগ দাবি করেন। দীর্ঘদিন অভিনয়ের ফলে অভিনয় ও ইন্ডাস্ট্রি নিয়েও আছে তার দীর্ঘ ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা। ব্যক্তি ও শিল্পী মিশার সেসব অভিজ্ঞতা জানা যাবে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইটে।
আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে সেলিব্রিটি শো ‘স্টার নাইট’। এ পর্বে অতিথি হিসেবে থাকবেন চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। এ অনুষ্ঠানে অতিথিরা পেশাজীবনের পাশাপাশি তার ব্যক্তিজীবনের অনেক অজানা অধ্যায় নিয়ে কথা বলেন। উঠে আসে ইন্ডাস্ট্রিতে পথচলায় ভালো-মন্দ নানা অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা, সংগ্রাম ও সাফল্যের গল্প। মিশা সওদাগরও এসব বিষয় নিয়েই কথা বলবেন। সেই সঙ্গে তার সহকর্মী, কাছের বন্ধু এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন। অনুষ্ঠানে তার প্রিয় চলচ্চিত্রের বিভিন্ন ক্লিপিংসও দেখানো হবে। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।










