দেশের জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভীন দীর্ঘদিন ধরেই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার কণ্ঠে সিনেমা ও আধুনিক এ দুই ধারার অসংখ্য গানই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যেমন ‘তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো’, ‘আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে’, ‘সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে’, ‘প্রেমের নামে মিথ্যে বলো না’, ‘ও হিরো ও হিরো আই লাভ ইউ’সহ আরো অনেক গান। সংগীতশিল্পী পলাশের সঙ্গে জুটি বেঁধে তিনি একসময় বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তাদের দ্বৈত অ্যালবাম ‘সবাই তো সুখী হতে চায়’ এখনো শ্রোতাদের মনে জায়গা করে আছে।
গত ২০ আগস্ট ছিল রিজিয়া পারভীনের জন্মদিন। এ উপলক্ষে দেশ-বিদেশের ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘জন্মদিনে সবার ভালোবাসা আমাকে ভীষণ আবেগী করেছে। এ ভালোবাসায়ই বেঁচে থাকতে চাই আর গানের মধ্য দিয়েই সবাইকে মুগ্ধ করতে চাই। এখন নিয়মিত স্টেজ শো করছি। আসলে আমরা শিল্পীরা স্টেজ শোয়েই নিজেদের খুঁজে পাই।’
অন্যদিকে বাংলাদেশের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী অনুপমা মুক্তি সবচেয়ে বেশি পরিচিত ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রের গান ‘তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল’ পরিবেশনের মাধ্যমে। পাশাপাশি তিনি বাংলাদেশ ও ভারতের সোনালি দিনের গান পরিবেশন করেও সুনাম কুড়িয়েছেন। বর্তমানে নিয়মিত স্টেজ শো নিয়েই ব্যস্ত অনুপমা মুক্তি। নিজের কথা জানাতে গিয়ে বলেন, ‘গানের মাঝেই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। যদিও এখন স্টেজ শো কম হচ্ছে, তবে যা করছি তাও মন্দ নয়। গানের ভুবনে এগিয়ে যেতে আমার স্বামী শরীফ রাজকুমার আমাকে ভীষণ অনুপ্রেরণা দেন। তার মতো একজন জীবনসঙ্গী পেয়ে আমি ধন্য।’
এদিকে সংগীতশিল্পী দিঠি আনোয়ার বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। দেশে ফেরার ইচ্ছা থাকলেও কিছুটা দেরি হতে পারে। এর আগে তিনি বিটিভি ও কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং নিয়মিত উপস্থাপনাও করেছেন। দিঠি জানালেন, ‘আমি গানের মানুষ। তাই গান ও গানের অনুষ্ঠান থেকে দূরে থাকলে খুব খারাপ লাগে। বিদেশে থেকেও দেশকে ভীষণ মিস করছি। দেশে ফিরে আব্বুর লেখা অপ্রকাশিত গানগুলো নিয়ে দ্রুত কাজ শুরু করব।’










