আকস্মিক নক্ষত্র পতনের মতো চলে গেলেন জনপ্রিয় ব্যান্ড ওয়ান ডিরেকশনের তারকা লিয়ান পেইন। শোকে মুহ্যমান সংগীত দুনিয়ায় তার ভক্তরা। বিমর্ষ হয়ে পড়েছেন তারাও, যাদের সঙ্গে তিনি কাজ করেছেন দীর্ঘদিন।
৩১ বছর বয়সী লিয়াম পেইন আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে হোটেলের চারতলা থেকে পড়ে মারা যান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওয়ান ডিরেকশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘লিয়ামের অকালে চলে যাওয়ায় আমরা মর্মাহত। যখন সবাই কিছুটা স্বাভাবিক হবে, তখন অনেক কিছুই বলার থাকবে। কিন্তু এ সময়ে কিছু বলব না। প্রিয় ভাইকে হারানোর ব্যথা ধারণ করেই কিছু সময় কাটাতে চাই। তার স্মৃতিগুলো আমাদের জন্য সম্পদ। তার পরিবারের সঙ্গে আমরা সমব্যথী। সমব্যথী সেসব ভক্তদের সঙ্গে, যারা লিয়ামের পাশাপাশি আমাদের ভালোবেসেছেন। তার অভাব সবসময় আমাদের ব্যথিত করবে।’
ব্যান্ডের সদস্যরা এককভাবেও নিজেদের অনুভূতি জানিয়েছেন নিজ নিজ যোগাযোগমাধ্যমে। টমলিনসন লিখেছেন, ‘লিয়ামের দিকে প্রতিদিন তাকিয়ে থাকতাম। এমন ইতিবাচক, হাস্যোজ্জ্বল ও দয়ার্দ্র অন্তর খুব বেশি নেই। যখন তার সঙ্গে প্রথম দেখা হয়, তখন তার বয়স ১৬ আর আমার ১৮ বছর। আমি তার কণ্ঠ শুনে বিমোহিত হয়ে পড়ি। দ্রুত সময়ের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। দারুণ গান লিখত লিয়াম। ব্যান্ডের এগিয়ে চলার পেছনে আমাদের ভেতরকার রসায়নই পালন করেছে প্রধান ভূমিকা। ব্যান্ডে লিয়ামের মতামত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার অভিজ্ঞতা, মঞ্চে গায়কি, তার লেখা আরো কত কী যে প্রভাব বিস্তার করে রেখেছে, বলে শেষ করা যাবে না।’
লিয়ামকে স্মরণ করে নিজের অবস্থান জানিয়েছেন ওয়ান ডিরেকশনের অন্য সদস্য জেইন। তিনি বলেছেন, ‘লিয়াম, আজ চিৎকার করে তোমাকে ডাকছি, ভাবছি তুমি সাড়া দেবে। বিশ্বাস করতে পারি না, তোমার সঙ্গে আমার আর আলাপ হবে না। আমার দুঃসময়ে যেভাবে পাশে দাঁড়িয়েছিলে, তার জন্য ধন্যবাদ দেয়ার সুযোগ হলো না। যদিও তুমি বয়সে আমার চেয়ে ছোট, কিন্তু আমার চেয়েও ছিলে স্পষ্ট, দৃঢ় আর সোজাসাপ্টা। তোমার চলে যাওয়ার মধ্য দিয়ে নিজের ভাই হারালাম। তোমাকে প্রচণ্ড ভালোবাসি ও শ্রদ্ধা করি। যেখানেই থাকো, তুমি শান্তিতে থাকো। ভালোভাবেই জানো সবাই তোমাকে কতটা ভালোবাসে।’
ওয়ান ডিরেকশন গঠিত হয় ২০১০ সালে। ব্যান্ডের সব সদস্যই ছিলেন ব্রিটিশ সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠান দি এক্স ফ্যাক্টর থেকে উঠে আসা। দ্রুত সময়ের মধ্যে তারা বিপুল জনপ্রিয়তা অর্জন করে। পরিণত হয় ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বয় ব্যান্ডগুলোর একটিতে। বিশ্বব্যাপী সাত কোটি রেকর্ড বিক্রি হয়েছে তাদের। ঝুলিতে রয়েছে হোয়াট মেকস ইউ বিউটিফুল, নাইট চেঞ্জস ও স্টোরি অব মাই লাইফের মতো সফল গান। ২০১৭ সালে মুক্তি পায় লিয়াম পেইনের একক গান স্ট্রিপ দ্যাট ডাউন।
সূত্র ও ছবি: ভ্যারাইটি










