বর্তমানে ভারতে দক্ষিণের সিনেমার তুলনায় বলিউড সিনেমাগুলো কম আয় করছে। বলিউডের এ পিছিয়ে পড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা-গায়ক পীযূষ মিশ্র। সাম্প্রতিক হিন্দি সিনেমাগুলোর কড়া সমালোচনা করেছেন তিনি। ১৯ ডিসেম্বর এএনআইয়ের সঙ্গে এক আলাপচারিতায় গ্যাংস অব ওয়াসিপুরের এ অভিনেতা বলেন, ‘‌আমাদের তুলনায় (বলিউড পরিচালক) সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালকরা বেশি বুদ্ধিমান, তারা যথেষ্ট আইকিউর অধিকারী ও উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন। আমরা সবসময় একই ফর্মুলায় কাজ করে যাচ্ছি। এটা আমাদের বোকামি। পুষ্পার মতো দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো তাদের গতানুগতিক ধারাকে উপস্থাপন করে। প্রচুর অ্যাকশন, সহিংসতা ও চটকদার সব দৃশ্যে ভরপুর। কিন্তু এটি দর্শকের কাছে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি শংকরের সঙ্গে “ইন্ডিয়ান টু” নামে একটি দক্ষিণ ভারতীয় সিনেমায় কাজ করেছি। তার সঙ্গে আমার প্রথম কাজ করার অভিজ্ঞতায় বুঝতে পেরেছি, সে কতটা উদ্ভাবনী ক্ষমতার অধিকারী। একই বিষয় সে বিভিন্নভাবে উপস্থাপন করে এবং প্রতিবারই আরো ভালোভাবে নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরে।’

গুলালের অভিনেতা দক্ষিণ ভারত সম্পর্কে জানান, তামিল ও মালয়ালমের মতো দক্ষিণ ভারতীয় ভাষাগুলো ‌‘খুবই প্রাচীন ভাষা’ এবং ‌‘প্রাচীন সংস্কৃতি’র অংশ। তাই সেখানকার সিনেমা নির্মাতারা তাদের সিনেমার খুঁটিনাটি বিষয় নিয়ে খুব ভালোভাবে গবেষণা করেন।

জনজীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে এমন সিনেমা বর্তমানে নির্মিত হচ্ছে কিনা, এ প্রশ্নের উত্তরে ৫৯ বছর বয়সী এ অভিনেতা এএনআইকে বলেন, ‘‌এমন কোনো সিনেমা বলিউডে নির্মিত হচ্ছে না।’ তবে ব্যতিক্রম হিসেবে তিনি রাজকুমার হিরানি ও তার সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর নাম উল্লেখ করেছেন।

‘বিকল্পধারার সিনেমা’র তীব্র বিরোধিতা করেন এ অভিনেতা। তিনি মত প্রকাশ করে বলেন, ‘বাণিজ্যিক সিনেমা বলতে বোঝায় ‘‘বাণিজ্যের জন্য নির্মিত সিনেমা’’। সুতরাং ‘‘বিকল্পধারার সিনেমা’’ বলতে কিছু নেই। যতক্ষণ না আপনার সিনেমা বিপুল সাধারণ দর্শককে বিনোদিত না করছে, ততক্ষণ সেগুলোকে ‘‌‘সিনেমা’’ বলা যায় না। আর দক্ষিণ ভারতীয় নির্মাতারা এটি জানেন।’

সম্প্রতি ভারতীয় সিনেমার বিরুদ্ধে চলমান ‘বয়কট কালচার’ নিয়েও মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, ‘‌এর ভালো ও মন্দ দুটো দিকই আছে।’

বড় একটি দল নিয়ে ভারতের রায়পুরে একটি কনসার্টের প্রস্তুতি সম্পন্ন করেছেন পীযূষ মিশ্র। এটি তার ‘আরম্ভ হ্যায় প্রচণ্ড কনসার্ট সিরিজ’-এর একটি অংশ। লেখক হিসেবেও যাত্রা করেছেন এ অভিনেতা। তিনি একটি বই লিখছেন—‘তুমহারি আওকাত কেয়া হ্যায় পীযূষ মিশ্র’ (তোমার কী যোগ্যতা আছে পীযূষ মিশ্র?)। এটি তার আত্মজৈবনিক একটি উপন্যাস। আগামী ১৩ জানুয়ারি বইটি প্রকাশ হবে।


সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস