‘বিনোদিনী রাই’খ্যাত শিল্পী সাব্বির নাসিরের নতুন গানের মিউজিক ভিডিও বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে। এবারের গানের শিরোনাম ‘নাইয়া’। গানের কথা ও সুর করেছেন মেহেদী হাসান তামজীদ, মিক্স-মাস্টারিং করেছেন সালমান জাইম। ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক ও তার প্রডাকশন হাউজ প্রেক্ষাগৃহ। গানটি নিয়ে গায়ক সাব্বির নাসির বলেন, ‘নাইয়া অসাধারণ একটি সৃষ্টি। তামজীদের ফিচারিং ও সালমানের মিক্সিং। আমার এ পর্যন্ত গাওয়া সব গানের মাঝ থেকে নিশ্চিতভাবে ভিন্ন মাত্রার গায়কী দিতে পেরেছি বলে মনে হয়েছে। বাকিটা শ্রোতাদের ওপর। অনেকেই বলেছেন, কান্না পেয়েছে বুকের গভীর থেকে গানটি শুনে। অশ্রু আত্মার স্নানের জল। আসুক অশ্রু বানের মতো—এ কামনা রইল।’

এ নিয়ে মেহেদী হাসান তামজীদ বলেন, ‘গানটি মূলত প্রবাসীদের নিয়ে লেখা। করোনার সময়টায় দেখেছি, অনেক কষ্ট করে টাকা আয় করলেও অনেকে টাকা-পয়সা দেশে পাঠিয়ে সুখের মুখ দেখতে পায় না। অনেক সময় বাবা-মাকেও  শেষ সময়ে দেখার জন্য দেশে আসতে পারে না। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

গানের ভিডিও নির্মাণ নিয়ে নির্মাতা শাহরিয়ার পলক বলেন, ‘ভিডিওতে একটা নৌকা প্রতীকী অর্থে দেখানো হয়েছে, যেখানে একটি বাচ্চা ভাসছে। মা মারা গেলে আমরা সারা জীবন নৌকার মতো ভাসতে থাকি। ভালো একটি গান হয়েছে।