বিশ্ব সংগীতাঙ্গনের গর্ব কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। বহু ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। কোটি কোটি সংগীতপ্রেমী শ্রোতা দর্শককে গানে মুগ্ধ করে চলেছেন ৬০ বছরের বেশি সময় ধরে। এখনো তিনি অনায়াসে স্টেজ শোয় সংগীত পরিবেশন করেন। স্টেজ শোয় গান গাওয়ার প্রস্তাব এলে পুলকিত হন। ৭২ বছরে পা রাখা কিংবদন্তি এ শিল্পীর গান এখনো মঞ্চে উপভোগ করার জন্য যেমন শ্রোতাদর্শক প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করেন, তেমনি তার গান কোথাও প্রচার হলে শ্রোতারা এক নিমিষেই বুঝতে পারেন গানটি রুনার গাওয়া।

স্রষ্টা প্রদত্ত এ মিষ্টি সুরেলা কণ্ঠ দিয়েই তিনি যুগের পর যুগ শ্রোতা-দর্শককে মুগ্ধ করে চলেছেন। সিলেটে জন্ম নেয়া রুনা লায়লার গ্রামের বাড়ি রাজশাহীতে। যদিও বহু বছর তিনি শুধু গানই করে গেছেন। কিন্তু কয়েক বছর আগে একজন সুরকার হিসেবেও তার অভিষেক হয়। এমএ আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় সুরকার হিসেবে নিজের অভিষেক ঘটিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হন।

পরবর্তী সময়ে তারই সুর করা গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে, হরিহরণ, রাহাত ফতেহ আলী খান, আদনান সামী, আঁখি আলমগীর, তানি লায়লা, হৈমন্তী। আঁখি আলমগীর, লুইপা, হৈমন্তীর গানগুলো রাজা কালিফ মিউজিক অ্যারেঞ্জমেন্টে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ থেকে প্রকাশ হয়েছিল। আজ রুনা লায়লার জন্মদিন। এবারের জন্মদিন পরিবারের সদস্যদের সঙ্গেই বিশেষভাবে কাটবে বলে জানিয়েছেন তিনি।

তবে চ্যানেল আইয়ের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অনন্যা রুমার সার্বিক তত্ত্বাবধানে আজ দুপুর ১২টায় সানজিদা রহমানের উপস্থাপনায় রুনা লায়লাকে ঘিরেই ‘তারকা কথন’ অনুষ্ঠানটি প্রচার হবে ঘণ্টাব্যাপী।

এ আয়োজনে দেশের বেশ কয়েকজন প্রখ্যাত সংগীতশিল্পীও রুনা লায়লার জন্মদিন উপলক্ষে উপস্থিত থাকবেন। আজ রাত ৮টায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এনিগমা টিভিতে এর সিইও ফাহমিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ‘আজ গানের দিন’ অনুষ্ঠানে গায়ক ইউসুফের উপস্থাপনায় সংগীত পরিবেশন করবেন সাব্বির জামান ও প্রিয়াংকা। এছাড়া অন্যান্য বেশ কয়েকটি চ্যানেলও নানাভাবে রুনা লায়লাকে জন্মদিনে শুভেচ্ছা জানাবে।

নিজের জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, ‘জন্মদিনে শুধু সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি যেন আরো সুন্দর সুন্দর গান-শ্রোতা-দর্শককে উপহার দিতে পারি। সংগীতজীবনে দীর্ঘ ৬০ বছরের চলার পথে মানুষের যে শ্রদ্ধাভালোবাসা পেয়েছি তাতে আমি মনে করি, সবার দোয়ায় আজ এ পর্যন্ত আসতে পেরেছি। বিশেষত জন্মদিন এলে বাবা-মা আর আমার বড় বোনকে (দীনা লায়লা) খুব মিস করি।’

এ মুহূর্তে নতুন গান নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে রুনা লায়লা বলেন, ‘সত্যি বলতে কি, গান নিয়েই তো আমার সারাবেলার ভাবনা। বেশকিছু পরিকল্পনা আছে নতুন গান নিয়ে। আমার সুরে যেমন কয়েকজন শিল্পীকে নিয়ে গান করার পরিকল্পনা আছে, তেমনি আমিও অন্যের সুরে গান গাইব তেমন পরিকল্পনাও আছে। যেমন এরই মধ্যে সাদেক আলীর সুরে বেতারে প্রচারের জন্য দুটো গান করেছি। সামনে আরো আসছে।’

রুনা লায়লা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন ‘দি রেইন’, ‘জাদুর বাঁশি’, ‘অ্যাক্সিডেন্ট’, ‘অন্তরে অন্তরে’, ‘তুমি আসবে বলে’, ‘দেবদাস’, ‘প্রিয়া তুমি সুখী হও’ সিনেমায় প্লে-ব্যাকের জন্য। রুনা লায়লা অভিনীত একমাত্র চলচ্চিত্র চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’।