‘জেমস বন্ড’
চরিত্রটি তার কাছে সবকিছু বলে মন্তব্য করেছেন অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। নো টাইম টু ডাই মুক্তির পর তিনি বন্ড চরিত্রকে বিদায় জানাবেন।
ড্যানিয়েল ক্রেগের শেষ বন্ড ছবি নো টাইম টু ডাইয়ের শুটিংয়ে বেশকিছু বাধা এসেছিল। এরপর ছবির কাজ শেষ হতে হতে হাজির কভিড মহামারী। ছবি মুক্তির তারিখ পিছিয়ে যায় বেশ কয়েকবার।
জেমস বন্ডের চরিত্রকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেয়াটা ছিল ক্রেগের কথায় ‘খুব আবেগী’
ঘটনা। ক্রেগ আরো বলেন, ‘এটা ছিল সবকিছু। ১৬ বছর ধরে চরিত্রটি আমার জীবনের সঙ্গে জড়িয়ে ছিল। ছবিগুলোতে কাজ করা ছিল অসাধারণ ব্যাপার।’
সম্প্রতি গ্রাহাম নর্টন শোতে এসব কথা বলেন ক্রেগ।
ড্যানিয়েল ক্রেগ আরো বলেন, ‘বন্ড সিনেমাগুলো সচরাচর তৈরি হয় না। এ সিরিজে যুক্ত হওয়াটা ছিল আমার পেশাগত ক্যারিয়ারে সবচেয়ে বড় সুযোগ। এছাড়া আমার জীবনেরও অন্যতম একটি বিষয়, তাই এটা অনেক আবেগময়। আমি আনন্দিত যে, আমি চুক্তি অনুসারে ঠিকমতো সবকিছু শেষ করেছি। আমি প্রযোজকদের প্রতি কৃতজ্ঞ আমাকে এ ছবি করতে দেয়ার জন্য। আমি বন্ডকে মিস করব।’
এ সময় কৌতুক করে ক্রেগ আরো বলেন, ‘নতুন কেউ যখন বন্ডের দায়িত্ব নেবেন আমি খুব সম্ভবত তার ওপর বিরক্ত হব।’
ক্যারি ফুকুনাগা পরিচালিত এ ছবিতে ড্যানিয়েল ক্রেগ ছাড়াও আরো অভিনয় করছেন লিয়া সিডক্স, রাফল ফিনস, ক্রিস্টোফার ওয়ালজ, নাওমি হ্যারিস, লাশানা লিঞ্চ, নাওমি হ্যারিস। ছবিতে খলনায়ক সাফিনের চরিত্রে দেখা যাবে রামি মালেককে।
২০০৬ সালে ক্যাসিনো রয়ালের মাধ্যমে বন্ডের বিখ্যাত জিরো জিরো সেভেন পরিচয়টি নিজের করে নেন ড্যানিয়েল ক্রেগ। বিশ্বজুড়ে তিনি দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন। এরপর ২০০৮ সালে মুক্তি পায় কোয়ান্টাম অব সোলাস, ২০১২তে স্কাইফল ও স্পেকটার মুক্তি পায় ২০১৫ সালে। ড্যানিয়েল ক্রেগ বন্ড হয়েছেন পাঁচটি ছবিতে। তার সামনে আছেন শুধু রজার মুর ও শন কনোরি। তারা সাতটি করে ছবিতে বন্ড হয়েছিলেন।
উপন্যাসের চরিত্রে জেমস বন্ড ব্রিটিশ রয়াল নেভির কমান্ডার। সম্প্রতি বন্ড তারকা ড্যানিয়েল ক্রেগকে সম্মানসূচক অফিসার হিসেবে নিযুক্ত করেছে যুক্তরাজ্যের রয়াল নেভি। রয়াল নেভির প্রধান ফার্স্ট সি লর্ড অ্যাডমিরাল স্যার টনি র্যাডাকিন বলেছেন, ‘অনারারি কমান্ডার ড্যানিয়েল ক্রেগকে রয়াল নেভিতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। ক্রেগ ১৫ বছর ধরে কমান্ডার বন্ড হিসেবে বিখ্যাত। রয়াল নেভিও প্রতিদিন তার মতো প্রযুক্তি আর কৌশল ব্যবহার করে কাজ করে।’
এক বিবৃতিতে জানানো হয়েছে, রয়াল নেভির সপ্তম সর্বোচ্চ র্যাংক কমান্ডার। আর ড্যানিয়েল ক্রেগ তার এ সম্মানসূচক পদকে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর সদস্যদের পরিবারকে বিভিন্নভাবে সহায়তা করার কাজে ব্যবহার করবেন।
সূত্র: ডিএনএ









