সমসাময়িক সমাজ ও পারিবারিক সম্পর্কের ভাঙাগড়া, ভালোবাসা আর আত্মত্যাগের টানাপড়েন নিয়ে নির্মাণ হয়েছে নতুন টেলিভিশন নাটক ‘দেয়াল’। নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা পার্থ শেখ ও জনপ্রিয় অভিনেত্রী নওবা তাহিয়া।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন কথাসাহিত্যিক শফিক রিয়ান। দীর্ঘদিন ধরে তিনি গল্প ও উপন্যাস লিখে আসছেন, নাটকটি পরিচালনা করেছেন দক্ষ নির্মাতা আনিসুর রহমান রাজীব, যিনি সাম্প্রতিক সময়ে পারিবারিক ও সামাজিক গল্পের নাটক নির্মাণে দর্শকপ্রিয়তা পেয়েছেন।

দেয়াল মূলত একটি পরিবারের ছোট বোনকে ঘিরে গড়ে ওঠা গল্প। তবে এটি শুধু একটি পরিবারের ভেতরকার টানাপড়েন নয়; বরং এর মধ্য দিয়ে ফুটে উঠেছে সমাজে বিদ্যমান সম্পর্কের ভাঙাগড়া, আত্মত্যাগ ও ভালোবাসার সর্বজনীন ছবি। নাটকটি দর্শককে একদিকে যেমন আবেগ ছুঁয়ে যাবে, অন্যদিকে জীবনের বাস্তব চিত্র মনে করিয়ে দেবে।

পরিচালক আনিসুর রহমান রাজীব এ প্রসঙ্গে বলেন, ‘‌শফিক রিয়ানের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। উনি মূলত কথাসাহিত্যিক, নাটকের জন্য লেখেন কম। তবে তার গল্পের ভেতরে যে আবেগ ও বাস্তবতা থাকে, তা নাটকে ফুটিয়ে তুলতে সহজ হয়। এ নাটকেও আমরা সে চেষ্টা করেছি। সম্পর্কের টানাপড়েন আর আত্মত্যাগের গল্পে শেষ দৃশ্য দর্শকের মনে এক অন্য রকম আবেগ জাগিয়ে তুলবে।’

অভিনেতা পার্থ শেখ তার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, ‘‌দেয়াল আমার জন্য নতুন অভিজ্ঞতা। চরিত্রটি বাস্তবের কাছাকাছি, তাই অভিনয়ের সময় মনে হয়েছে আমি সত্যিই এ পরিবারের একজন সদস্য। গল্পটা খুবই প্রাঞ্জল ও হৃদয়ছোঁয়া। আমি বিশ্বাস করি, দর্শক নাটকটিকে নিজেদের গল্প হিসেবে অনুভব করবেন।’

অন্যদিকে অভিনেত্রী নওবা তাহিয়া বলেন, ‘‌এ নাটকে আমার চরিত্রটি বেশ আবেগঘন। পরিবার ও সম্পর্কের জটিলতা নাটকটিতে দারুণভাবে ফুটে উঠেছে। দর্শক যখন এটি দেখবেন, তখন তারা নিজেরাও এ গল্পের ভেতরে চলে যাবেন বলে আমার বিশ্বাস।’

দেয়ালে পার্থ শেখ ও নওবা তাহিয়া ছাড়াও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, স্নেহাসহ আরো অনেকে। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

শফিক রিয়ানের লেখা গল্পে পরিবার, ভালোবাসা, আত্মত্যাগ ও সম্পর্কের সূক্ষ্ম দিকগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। তার বিশ্বাস, গল্পের এ গভীরতা দর্শকের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে। নাটকের টিমও আশাবাদী, এটি প্রচারিত হলে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।