ইংরেজি নতুন বছরের প্রথম দিন আজ। নতুন বছর নিয়ে আসে নতুন প্রত্যাশা। ২০২৩ সাল নিয়ে দেশের চলচ্চিত্র, নাটক ও সংগীতাঙ্গনের তারকাদের ভাবনা জানতে কথা হয় তাদের সঙ্গে। নতুন সাল নিয়ে দেশের জনপ্রিয় গায়ক কুমার বিশ্বজিৎ বলেন, দেশ ও দেশের বাইরের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এ বছরের শুরুর সময়টা ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে আমার। কয়েকটি স্টেজ শো থাকছে, ১৪ জানুয়ারি ঢাকায় এবং ২০ জানুয়ারি কক্সবাজারে। সবার কাছে আমার ও পরিবারের সুস্থতা কামনা করে দোয়া চাই।
চঞ্চল চৌধুরী বলেন, ‘নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। সবে বাবাকে হারিয়েছি, স্বাভাবিকভাবেই এ মুহূর্তে মন ভালো নেই। এর মাঝেও কাজের পাশাপাশি পারিবারিক ব্যস্ততা তো আছেই। সব মিলিয়ে এ মন খারাপের মধ্যেও কাজের আলোচনা এবং কাজে ফেরার জন্য যা যা প্রস্তুতি নেয়া দরকার, নিতে হবে। মাথার উপর সবচেয়ে বড় যে ছায়া সবচেয়ে বড় যে আশীর্বাদ, সে বাবাকে হারিয়ে কতটা কষ্টে আছি, সেটা বলে বোঝানো যাবে না। বাবার মৃত্যুতে দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে কথা বলে পাশে থাকার চেষ্টা করেছেন, এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞ।’
পূর্ণিমা বলেন, ‘আমার নতুন বছর শুরু হবে গাজীপুরে একটি রিয়েলিটি শোর উপস্থাপনার শুটিং-এর মধ্য দিয়ে। প্রায় এক সপ্তাহের মতো শুটিং হবে, এরপর আবার বিরতি। নতুন বছরে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে আমার পরিবারের সবাইকে ভালো রাখেন। নতুন বছর সবারই ভালো কাটুক এই শুভ কামনা।’
আরিফিন শুভ জানান, ‘নতুন বছরের শুরুটা মানিকগঞ্জে মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় একটি ওয়েব ফিল্মের শুটিংয়ে কাটবে। ভালোবাসা দিবসে ওয়েব ফিল্মটি আসছে। এতে আমার বিপরীতে অভিনয় করছেন আফসান আরা বিন্দু। এর পরপরই আমি ও নূসরাত ফারিয়া অনম বিশ্বাসের পরিচালনায় সিনেমা ‘ফুটবল ৭১’-এর কাজ শুরু করব। বছরের শুরুটা আলহামদুলিল্লাহ কর্মব্যস্ততার মধ্য দিয়েই কাটবে।’
নতুন বছর নিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘২০২৩ সালের প্রথম দিনটাতে আমি কোনো কাজ রাখিনি। পরিবারের সঙ্গেই সময় কাটবে। আর এ বছরের কর্মদিবস শুরু হবে চয়নিকা চৌধুরী দিদি পরিচালিত একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। ৪ জানুয়ারি থেকে টানা তিনদিন এ নাটকের শুটিয়ে কাটবে।’
দিলশাদ নাহার কণা জানান, ‘গত ডিসেম্বর মাস পুরোটাই ব্যস্ততায় কেটেছে। আর ২০২৩-এর কয়েকটা দিন টানা পরিবারের সঙ্গেই কাটবে। আগামী ৬ জানুয়ারি ধামরাইয়ে ও বুয়েটে দুটি স্টেজ শোর মধ্য দিয়ে আমার নতুন বছরের কর্মজীবন শুরু হবে।’










