বলিউড বদলে গেছে। পুরনো ফর্মুলা থেকে বের হয়ে চেষ্টা করছে গল্পভিত্তিক সিনেমা উপহার দেয়ার। পাশাপাশি নিরীক্ষা করছে অভিনেতাদের নিয়েও। এর মাধ্যমে অভিনেতারা বেরিয়ে আসছেন তাদের খোলস থেকে। এমনকি নায়িকাদের মধ্যেও দেখা যাচ্ছে গ্ল্যামার থেকে বেরিয়ে এসে অন্য রকম অভিনয় করছেন। সম্প্রতি এ তালিকায় যুক্ত হয়েছেন ইয়ামি গৌতম। ওএমজি টু সিনেমায় তাকে দেখা গেছে খল চরিত্রে। এ সিনেমায় তার চরিত্রের নাম কামিনী মহেশ্বরী। দুঁদে উকিল তিনি। কেস লড়ছিলেন এক সাধারণ ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু কেসটি জটিল হয়ে উঠলে নানা অসদুপায়েও কেস জেতার চেষ্টা করে কামিনী। বছর দশেক আগেও এ ধরনের চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে দ্বিধা করতেন অভিনেত্রীরা। কিন্তু ইয়ামি করছেন না। তিনি মনে করেন অভিনেতা-অভিনেত্রীদের জন্য ভিন্ন ধারার চরিত্র আরো বেশি আসা উচিত। পাশাপাশি তারা আগ্রহ দেখালেও চিত্রনাট্যে এমন চরিত্রের আনাগোনা বাড়বে।

ইয়ামি বলেন, ‘‌আমার মনে হয় চরিত্রটি কীভাবে লেখা হয়েছে, তা গুরুত্বপূর্ণ। দর্শক অনেকদিন ধরেই ভিন্ন ধারার গল্পকে স্বাগত জানাচ্ছে। হ্যাঁ, পরিবর্তন আসতে কিছুটা সময় লাগে। এজন্য অভিনেত্রীদেরও এগিয়ে আসতে হবে। তাদের বোঝাতে হবে যে এক ধারার চরিত্র থেকে তারা বেরিয়ে আসতে চান। তারাও গল্পের একটা জটিল চরিত্রে নিজেকে প্রমাণ করতে পারেন।’ চরিত্র নিয়ে নিরীক্ষা করতে চান ইয়ামি। এসব ক্ষেত্রে বিচিত্র ধারার চরিত্র আসতে পারে। সবখানেই অভিনেত্রীদের সাবলীল হওয়ার কথা বলেছেন ইয়ামি। তিনি বলেন, ‘‌হতে পারে একটা বাণিজ্যিক সিনেমার চরিত্র বা হতে পারে নারীকেন্দ্রিক কোনো গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র। কিন্তু সেখানে বিশেষ কোনো বিষয় থাকলে অভিনেত্রীরাও আগ্রহী হবে।’

সময়ের সঙ্গে যখন নতুন ধারার চরিত্র তৈরি হচ্ছে, ইয়ামি মনে করেন, অভিনেত্রীদের জন্য ভালো চরিত্র আরো লেখা হবে। তিনি বলেন, ‘‌আমার মনে হয়, অভিনেত্রীদের জন্য অচিরেই ভালো ভালো চরিত্র লেখা হবে। কেননা দর্শক সবসময় ভালো সিনেমা দেখতে চান। এ পুরো বিষয়গুলো বক্স অফিসেও প্রভাব ফেলবে। আমি খুবই খুশি যে এ যুগের আমিও একটা অংশ। আমার সমসাময়িক ও সিনিয়র অভিনেত্রীরা দারুণ কাজ করছেন। এটা তো কেবল শুরু।’

ইয়ামি গৌতম ২০২২ সালে এ থার্সডে সিনেমায় অভিনয় করেন। এখানেও তার চরিত্রটি ছিল ভিন্ন ধারার। গ্ল্যামার-গার্ল ইমেজ থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন তিনি। ওএমজি টু তারই একটি অংশ। অক্ষয় কুমার ও পঙ্কজ ত্রিপাঠি অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছে ১১ আগস্ট। ১০ দিনে সিনেমাটি আয় করেছে ১০০ কোটি রুপির বেশি।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস