মার্কিন অভিনেত্রী ও সিনেমা নির্মাতা জোডি ফস্টার। সম্প্রতি ‘জেনারেশন জি’ সম্পর্কে একটি মন্তব্য করেছেন। তার মতে, কর্মক্ষেত্রে জেনারেশন জি মাঝে মাঝে বিরক্তিকর হয়ে ওঠে। তাদের আচরণগত সমস্যার কারণে জেনারেশন জির সঙ্গে কাজ করা কঠিন। তবে জোডি মনে করেন, উদীয়মান তারকাদের সঙ্গে কথা বলে তিনি এ সমস্যা সমাধান করতে পারেন।

সম্প্রতি গার্ডিয়ানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ফস্টার। সেখানেই এ প্রসঙ্গ আসে। তিনি জানান, নানা সময়ই জেনারেশন জির কাজ করার ধারা ও মনোভাব বুঝতে সমস্যা হয়েছে তার। তিনি একটু কৌতুকের সুরেই বলেন, ‘তারা সত্যিই মাঝে মাঝে বিরক্তিকর ও অপেশাদার আচরণ করে, বিশেষত কর্মক্ষেত্রে। তাদের মনোভাবটা এমন যে ‘‌‘‌আমার ভালো লাগছে না, ‌আজ আমি দেরি করে অফিসে যাব’’ কিংবা একটা ই-মেইল করে দিচ্ছে। তাদের আমি বলতে চাই, এ বিষয়গুলো সঠিক নয়। তোমাদের বানানেও ভুল থাকে। খেয়াল করে কি দেখো না? তাদের উত্তর হয়, সেটা তারা কেন করবে? এটাও এক ধরনের সীমাবদ্ধ করা না?’

প্রায় পাঁচ দশক ধরে সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত জোডি। এর মধ্যে তিনি নানা সময় নারী শিল্পীদের কাজ করার সুযোগ তৈরি করেছেন। এখন ইন্ডাস্ট্রিতে আসছে আরো নতুন মুখ। তারা অনেক বেশি অস্থির। জোডি বলেন, ‘তাদের স্থির হওয়া শেখা দরকার। কোনো বিষয় নিয়ে বেশি না ভাবাও কোনো কোনো সময় দরকারি। নিজেদের স্বকীয়তা উপস্থাপন করতে জানতে হয়। সেটা খুঁজে নিতে তাদের সাহায্য করতে পারি আমি। চাপের মধ্য দিয়ে একটা বিষয়ের মূলকে খুঁজে নেয়া অনেক বেশি জরুরি।’

সম্প্রতি জোডি ফস্টার কাজ করেছে বেলা রÅvমসের সঙ্গে। তিনি নিজেই বেলার সঙ্গে যোগাযোগ করেন। জোডি নিজে তার পরিবারে জেন্ডার স্টেরিওটাইপ ভাঙার ক্ষেত্রেও সক্রিয় ছিলেন। 

জোডি ফস্টার হলিউডের অন্যতম সেরা অভিনেত্রী ও নির্মাতা। তিনি নানা সময়ই বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন। এছাড়া দীর্ঘদিন বিভিন্ন মানুষের সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি ইন্ডাস্ট্রি ও এর পরিবর্তন দেখেছেন খুব কাছ থেকে। নতুন প্রজন্মকে নিয়ে তার এ বক্তব্য বিদ্বেষপ্রসূত নয়, বরং তিনি এ সমস্যাকে চিহ্নিত করে তার সমাধানের পথ খুঁজতে বলেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান