নানা গুণ রয়েছে হলিউড অভিনেতা নিকোলাস কেজের। এর মধ্যে অবশ্য অভিনয়টাই প্রধান। অভিনয়ের জন্য দর্শকের তুমুল ভালোবাসার পাশাপাশি পেয়েছেন একটি একাডেমি অ্যাওয়ার্ড, একটি এসএজি অ্যাওয়ার্ড ও একটি গোল্ডেন গ্লোবসহ নানা পুরস্কার। প্রায় চার দশকের ক্যারিয়ার তার। এর মধ্যে সফলতার নানা গল্প জমেছে নিকোলাসের। সময় বদলে গেছে। তার সময়ের অভিনেতারা যোগ দিচ্ছেন নানা নতুন সিনেমা ও ফ্র্যাঞ্চাইজে। কিন্তু কেজের মধ্যে এমন কোনো প্রবণতা দেখা যায় না। তিনি তার মতোই আছেন। এ নিয়ে নিকোলাসের বক্তব্য হলো তার খুব একটা নতুন কিছু করার প্রয়োজন নেই। তিনি নিজের নামেই যথেষ্ট জনপ্রিয় ও সফল। সম্প্রতি মায়ামি ফিল্ম ফেস্টিভ্যালে তিনি ভ্যারাইটি লেজেন্ড অ্যান্ড গ্রাউন্ডব্রেকার অ্যাওয়ার্ডে সম্মানিত হন। সে সময়েই এসব বিষয় নিয়ে কথা বলেন।

নিকোলাস নানা চরিত্রে অভিনয় করেছেন। সুপারহিরো সিনেমা নিয়ে তার আগ্রহ থাকলেও তিনি আসলে কোনো সুপারহিরো সিনেমায় অভিনয় করেননি। সুপারহিরো সিনেমা এখন হলিউডের অন্যতম ব্যবসাসফল ধারা। মার্ভেলের যেকোনো সিনেমাই দারুণ হিট করে। কথা প্রসঙ্গে এ নিয়ে কেজ বলেন, ‘‌মার্ভেল নিয়ে ভালো কথাই বলতে হবে আমাকে। আমি নিজের নাম রেখেছি স্ট্যান লির একটি চরিত্র লুক কেজ অবলম্বনে। আমি কেমন করে মার্ভেলকে খারাপ বলি। স্ট্যান লি আমার পরাবাস্তব পিতা।’

তিনি এ নিয়ে নেতিবাচক কথা বলতে চান না, কেননা তার মতে এর বাইরের সিনেমাগুলোও ভালো করছে। তিনি বলেন, ‘সংকটের ব্যাপারটা আমি বুঝি। কিন্তু আমার মনে হয় সবারই সুযোগ আছে। ‌আমি সম্প্রতি “‍‍টার’’ দেখলাম। এমন সব আর্টিস্টিক সিনেমাও তো নির্মাণ হচ্ছে। তাহলে সবাই সুযোগও পাচ্ছেন।’ এখান থেকে মনে হতে পারে নিকোলাস মার্ভেলের অংশ হতে আগ্রহী। সে বিষয়ে জিজ্ঞেস করা হলে সরাসরি বলেন, ‘‌আমার এমসিইউতে যাওয়ার প্রয়োজন নেই। আমি নিকোলাস কেজ।’

নিকোলাসের এমন সরাসরি উত্তরে একটা সন্দেহ তৈরি হয়। সুপারহিরো সিনেমার প্রতি তার কোনো বিরাগ থাকতে পারে। কেননা নব্বইয়ের দশকে টিম বার্টনের সুপারম্যান লিভস সিনেমায় সুপারম্যানের চরিত্রে তারই অভিনয় করার কথা ছিল। কিন্তু সিনেমাটি কোনোদিন নির্মিত হয়নি। এর পেছনের কারণ নিয়ে তিনি বলেন, ‘‌তারা সিনেমায় রেনি হারলিনকে চেয়েছিলেন। আমি রেনির সঙ্গে কথা বলেছিলাম। রেনি ভালো কিন্তু আমি চেয়েছিলাম টিম বার্টন এটা করেন। আমি তাকে ডেকেছিলাম। মজার ব্যাপার আমি টিমকে কাস্ট করেছিলাম, টিম আমাকে কাস্ট করেনি।’

তবে ক্ষোভ থাকলেও টিম বার্টনের ব্যাটম্যান নিয়ে ভালো কথাই বলেছেন নিকোলাস। নিজেকে মাইকেল কিটনের ব্যাটম্যানের ভক্ত দাবি করেন তিনি। তবে তার সবচেয়ে পছন্দের সিনেমা মার্স অ্যাটাকস। জ্যাক নিকলসন অভিনীত ও টিম বার্টন পরিচালিত এ সিনেমার উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি বলেন, ‘‌সেট তৈরি থেকে শুরু করে পোশাকের নকশা, সবই বেশ জটিল একটা কাজ ছিল। সেটা দারুণভাবে করা হয়েছে। ওয়ার্নার ব্রাদার্স সিনেমায় অনেক টাকা খরচ করেছে। সিনেমাটা ছিল অনেক কিছু বদলে দেয়ার সূচনা।’

সুপারহিরো সিনেমার এ আলোচনার মধ্যেই আসে নিকোলাসের নিজের সিনেমা নিয়ে কথা। বহু চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে দুটো ধারা তার বেশি পছন্দ। তিনি বলেন, ‘‌আমার ব্যক্তিগত প্রথম পছন্দ পারিবারিক ড্রামা। যে সিনেমাগুলো একটি পরিবারকে দেখায় এবং সেখানে মানুষের সংগ্রাম দেখা যায়। এর বাইরে আমার পছন্দ হরর। কারণ আমার মনে হয় এ ধারায় অনেক কিছু করার আছে।’

নিকোলাস কেজের হাতে বর্তমানে ছয়টি সিনেমা। এর মধ্যে একটি তার প্রিয় ধারার। ক্রিস ম্যাকি পরিচালিত রেনফিল্ড সিনেমায় ড্রাকুলার চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটি এ বছরই মুক্তি পাওয়ার কথা।

ভ্যারাইটি অবলম্বনে মাহমুদুর রহমান