মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মাণ করা হচ্ছে একটি সিনেমা। তরুণ নির্মাতা আবু রায়হান জুয়েল নির্মিত সিনেমাটির নাম হতে যাচ্ছে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। সিনেমাটির জন্য গান লিখেছেন স্বয়ং অধ্যাপক জাফর ইকবাল। সিনেমায় জুটি হিসেবে অভিনয় করেছেন পরীমনি ও সিয়াম আহমেদ।
নির্মাতা জানিয়েছেন, এরই মধ্যে সিনেমার কাজ শেষ হয়েছে। চমক হিসেবে থাকছে মুহম্মদ জাফর ইকবালের লেখা গানটি। ‘আয় আয় সব তাড়াতাড়ি, সাবান-পানি ঢেলে গড়াগড়ি’ গানটির সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। ১০ জন শিশু এতে কণ্ঠ দিয়েছে।
গানের প্রসঙ্গে নির্মাতা বলেন, ছবিতে একটি অংশ রয়েছে, যেখানে বাচ্চারা দুষ্টুমি করে গোসল করছে। সেই অংশটি নিয়ে স্যারের সঙ্গে আলোচনা করি। আমি বলি, এখানে একটি গান হলে ভালো লাগত! স্যারকে আমি এই অংশটুকুর জন্য একটি গান লিখে দিতে অনুরোধ করেছিলাম। অবশেষে স্যার গানটি লিখলেন।
সরকারি অনুদান থেকে নির্মিত এ সিনেমায় আরো থাকছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী। শুরুতে সিনেমার নাম ছিল নসু ডাকাত কুপোকাত। পরে নাম পরিবর্তন করে রাখা হয় অ্যাডভেঞ্চার অব সুন্দরবন।










