বছরের প্রথম বাংলাদেশী ওয়েব সিরিজ হতে যাচ্ছে গুটি। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সিরিজটি মুক্তি পেয়েছে চরকিতে। অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, শাহরিয়ার নাজিম জয়, শরীফ সিরাজ, মৌসুমী হামিদ, নাসির উদ্দিন খান, আরিয়া আরিত্রা, টুনটুনি সোবহান, আরফান মৃধা শিবলু, মাহমুদুল আলমসহ আরো অনেকে। সুলতানা নামে একজন মাদক পাচারকারীর জীবন, সংগ্রাম ও বাস্তবতা নিয়ে নির্মিত এ সিরিজ।
সুলতানা চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। তিনি বলেন, ‘গুটির গল্পটা পরিচালক শঙ্খ খুব দুর্দান্তভাবে সাজিয়েছেন। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে আমি সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে কাজ করেছি। চরিত্রটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলাপ করেছি। আমি এ চরিত্র অনেক দিন ধরে নিজের মধ্যে ধারণ করেছি। সিরিজের কাস্টিং খুব ইন্টারেস্টিং।’
এ সমাজে নারীরা নানা কারণেই মাদক সেবন ও পাচারের সঙ্গে যুক্ত হচ্ছেন। বাস্তবের নিরিখে সে রকম একটি গল্প বলারই চেষ্টা করা হয়েছে। এ সিরিজে দর্শক তার জানার বাইরেও অনেক কিছু দেখতে পাবে। এখানে নারীই প্রধান চরিত্র। বাঁধন বলেন, ‘বাংলাদেশে ফিমেল লিডের কাজ চলে না, এ কথা আসলে শুনতে চাই না। আমি বিশ্বাস করি, দুয়েক বছরের মধ্যে এ ধারণার পরিবর্তন হবে। আমরা আমাদের কাজ দিয়েই এ চিন্তার পরিবর্তন করব। দর্শককেও নতুন কিছু দিতে পারব। এখন শুধু অপেক্ষা গুটি মুক্তির।
সাত পর্বের সিরিজটি নিয়ে পরিচালক শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘চরকির সঙ্গে এটাই আমার প্রথম কাজ। এর জন্য খুব উন্মুখ হয়ে ছিলাম। আমাদের সব শুটিং চট্টগ্রাম, কুমিল্লাসহ ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে। অভিনেতাসহ পুরো দলটা ছিল দুর্দান্ত। এখন টেনশনে আছি এটা ভেবে, দর্শকের কেমন লাগবে।’










