অয়ন মুখার্জি হতে যাচ্ছেন হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার’ সিক্যুয়েলের পরিচালক। এ ঘোষণার একদিন পর জানা গেল, ওই সিনেমার মাধ্যমে ইয়াশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে যুক্ত হচ্ছেন দক্ষিণ ভারতীয় তারকা এনটিআর জুনিয়র।

‘আরআরআর’ সিনেমার মাধ্যমে এনটিআর এখন সর্বভারতীয় তারকা। তার সেই জনপ্রিয়তা কাজে লাগাতে ভীষণ তৎপর প্রযোজক আদিত্য চোপড়া।

একটি সূত্রের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে পিঙ্কভিলা। পরে টুইট করেছেন ভারতীয় সিনে ক্রিটিক তরণ আদর্শ।

পিঙ্কভিলাকে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এটি সঠিক তথ্য। এনটিআর জুনিয়র ও হৃতিককে নিয়ে এপিক অ্যাকশন অ্যাডভেঞ্চার বানাতে চলেছে ইয়াশরাজ ফিল্মস। বুদ্ধিদীপ্ত গল্প ও তুমুল অ্যাকশন থাকছে সে সিনেমায়। উত্তর ও দক্ষিণ ভারতীয় তারকা মিলিয়ে সত্যিকারের প্যান-ইন্ডিয়ান সিনেমা হয়ে উঠবে এটি।

দক্ষিণ ভারতের বড় বাজারকে টার্গেট ‘ওয়ার টু’ নিয়ে এই পরিকল্পনা সাজিয়েছেন আদিত্য চোপড়া। বলা হচ্ছে, হৃতিক ও এনটিআর জুনিয়রের হাড্ডাহাড্ডি লড়াইকে যতটা সম্ভব বড় আকারে তুলে ধরা হবে। সন্দেহ নেই, এই খবরেই ভারতের অতি প্রতীক্ষিত সিনেমার স্থান দখল করে নিয়েছে ‘ওয়ার টু’।

সালমান খানের ‘এক থা টাইগার’ দিয়ে এক দশক আগে স্পাই ইউনিভার্সের সূচনা। এরপর আসে টাইগার জিন্দা হ্যায়, ওয়ার ও পাঠান।

অবশ্য শাহরুখ খান অভিনীত পাঠানের আগে এই ইউনির্ভাসের ঘোষণা আসেনি। এই সিনেমায় পাঠান ও টাইগারকে একসঙ্গে লড়তে দেখা যায়। তাদের সামনে দেখা যাবে ‘টাইগার থ্রি’ ও ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতে। এরপর আসবে ‘ওয়ার টু’। সিরিজের বাকি চরিত্রগুলো এই ছবিতে হাজির হবে কি-না, সেটাও এখন দেখার বিষয়।