ড্রিম গার্ল সিনেমা দিয়ে ২০১৯ সালে নিজের বহুমুখী অভিনয় প্রতিভার আরেকটি প্রমাণ দিয়েছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। সিনেমাটি হিট হয়েছিল। এর দারুণ জনপ্রিয়তা দেখে সিকুয়াল বানানোর ঘোষণা দিয়েছিলেন নির্মাতারা। ২০২২-এর আগস্টে ড্রিম গার্ল টুর কাজ শুরু হয়েছিল। তখন থেকেই এর ভক্তরা অপেক্ষার প্রহর গোনা শুরু করেছিল। অবশেষে বহুল প্রতীক্ষিত সিকুয়ালটির প্রথম লুক প্রকাশ করেছে নির্মাতারা। কম্পমান একটি পর্দার ভেতর থেকে কেবল মুখটি বের করে রেখেছেন পূজা। তার চেহারায় নারীসুলভ কমনীয়তা ও উৎফুল্লতা খেলা করছিল। সব মিলিয়ে পূজার লুক এক কথায় চিত্তাকর্ষক। সিনেমায় আয়ুষ্মান খুরানার চরিত্রের নাম পূজা। প্রথম লুক প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে। প্রশংসিত হয়েছে ব্যাপকভাবে। এর আগে ড্রিম গার্ল টুর নির্মাতারা কয়েকটি টিজার প্রকাশ করেছিল। এসব টিজারে পূজাকে কয়েকজন সুপারস্টারের সঙ্গে কথা বলতে দেখা যায়। তারা প্রত্যেকে তার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। এসব সুপারস্টারদের অন্যতম ছিলেন বলিউডের পাঠান। এখানেই শেষ নয়। পূজার ফ্যানবয়দের তালিকা দিন দিন আরো দীর্ঘ হচ্ছে। সে তালিকায় যুক্ত হয়েছেন রকি তথা রণবীর সিং। সম্প্রতি একটি প্রোমোতে রকিকে পূজার সঙ্গে কথা বলে তার মুগ্ধতা প্রকাশ করতে দেখা যায়।
ব্যতিক্রমী ও ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত আয়ুষ্মান খুরানা। বৈচিত্র্যময় সব চরিত্র বেছে নেয়ার মাধ্যমে প্রতিনিয়ত নিজের অভিনয় দক্ষতার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন এ অভিনেতা। ড্রিম গার্ল সিনেমায়ও তিনি এমনই চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করেছিলেন। সেখানে একজন ক্রস-জেন্ডার অভিনেতা করমবীরের চরিত্রে তাকে দেখা গিয়েছিল। সিনেমার ঘটনাপ্রবাহে তার নাম হয়ে যায় পূজা। এ নামটিই শেষ পর্যন্ত টিকে যায়। এ সিনেমা দিয়ে নতুন করে ভক্তদের হৃদয়ে আলোড়ন তুলেছিলেন আয়ুষ্মান খুরানা।
ছোট থেকেই নারী কণ্ঠ যথাযথভাবে অনুকরণ করতে পারে করম। আর তাই মঞ্চ নাটকে প্রধান নারী চরিত্রে তার ডাক পড়তে লাগল। কিন্তু সে সবসময় চাইত, পুরুষ চরিত্রে অভিনয় করতে, সে চরিত্র যত ছোটই হোক না কেন। তার আশা কখনই পূরণ হয়নি। একপর্যায়ে সে বেকার হয়ে যায়। তখন বেকারত্বের অভিশাপ কাটাতে সে এমন এক কল সেন্টারে চাকরি নেয়, যেখানে তাকে একজন নারী হিসেবে ফোনে ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতে হয়। এ কল সেন্টার থেকে একাকী ও হতাশাগ্রস্ত পুরুষদের সেবা দেয়া হয়। এখানকার নারী কর্মীরা ফোনে কথা বলে তাদের সঙ্গ দেয়। করম তার নারী কণ্ঠ অনুকরণের ক্ষমতাকে কাজে লাগায়। একপর্যায়ে ক্লায়েন্টরা কেবল তাকেই খুঁজতে থাকে।
আগামী ২৫ আগস্ট ড্রিম গার্ল টু মুক্তি পাবে।
সূত্র: বলিউড হাঙ্গামা










