দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তাদের বাগদানের ছবি এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন নাগার্জুন আক্কিনেনি। তার পর থেকেই চলছিল জল্পনা, কবে বিয়ে করতে চলেছেন তারা? এবার তার ইঙ্গিত মিলল শোভিতার পোস্ট করা ছবিতে। গতকাল সকালে ইনস্টাগ্রামে বেশকিছু ছবি শেয়ার করেছেন তিনি। লিখেছেন, ‘আর এই শুরু হলো।’ অর্থাৎ বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে গেছে দুই পরিবারের।
গত আগস্টে বাগদান অনুষ্ঠান সেরেছিলেন নাগা ও শোভিতা। ২০২১-এ অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় নাগার। দাম্পত্যে থাকার সময়ই শোভিতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে এক প্রকার স্বীকার করে নেন তিনি। কিন্তু দীর্ঘ দিন পর্যন্ত নিজেদের সম্পর্কের কথা গোপনই রেখেছিলেন এ তারকা জুটি। ইউরোপে বেড়াতে গিয়ে তাদের একান্ত মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তার পরই জল্পনা শুরু হয়। তবে এ নিয়ে কখনো কোনো মন্তব্য করেননি দুজনের কেউই।
আগস্টে বাগদানের খবর ছড়িয়ে পড়তেই অনেকেই মনে করেছেন, কোনো দূর গন্তব্যে বিবাহ অনুষ্ঠান সারবেন তারা। যদিও নাগা এটিকে খুবই ব্যক্তিগত রাখার পক্ষপাতি। কিছু দিন আগে শোভিতাও একই মত পোষণ করেন বলে জানিয়েছেন। তাই কবে কোথায় বিয়ে হবে, তা এখনো জানা যায়নি।
এরই মধ্যে শুরু হলো নাগা-শোভিতার বিয়ের অনুষ্ঠান। এদিন শোভিতা তার ইনস্টাগ্রামে বিশেষ অনুষ্ঠানের ১৩টি ছবি পোস্ট করেন। লেখেন, ‘গোধূম রায়ি পাসুপু দঞ্চাতম এবং এই শুরু হলো।”
অনুমান করা যায়, তেলেগু বিবাহ আচারের অন্যতম এ ‘গোধূম রায়ি পাসুপু দঞ্চাতম’। অনেকটা বাঙালি বিয়ের ‘হলুদ কোটা’-র মতো হয়তো। এ অনুষ্ঠানে একটি প্রস্তর পাত্রে (রায়ি) গোধূম বা গম ও পাসুপু বা হলুদ বাটা হয়। মনে করা হয়, এ আচার পালনের মাধ্যমে বর ও কনে তাদের নতুন জীবনের দায়িত্ব পালন করতে শুরু করলেন।
শোভিতার ভাগ করে নেয়া ছবিতে দেখা যাচ্ছে, তার পরিবারের সদস্যরা একত্র হয়ে এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বাড়িতে আলপনা দেয়া হয়েছে। চলছে হলুদ বাটার অনুষ্ঠান। শোভিতার পরনে ঐতিহ্যবাহী শাড়ি, হাতে সবুজ কাচের চুড়ি। বড়দের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিতেও দেখা গেছে শোভিতাকে। তবে এ অনুষ্ঠানে কোথাও নাগাকে দেখা যায়নি। বোঝা যায়, এটি শোভিতার বাড়ির অনুষ্ঠান। ঝকঝকে একগুচ্ছ ছবি দেখে মুগ্ধ অভিনেত্রীর অনুরাগীরা।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










